খাগড়াছড়ি সেনানিবাসে গ্রেনেড বিস্ফোরণে নিহত বিজিবির নায়েক সুবেদার আবুল কাশেমের (৫৪) দাফন সম্পন্ন হয়েছে।
সোমবার সকাল ১০টায় কুমিল্লার চান্দিনা উপজেলার চিলোড়া পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। এর আগে চিলোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়।
জানা যায়, নিহত আবুল কাশেম ১৬ ব্যাটালিয়ন রামগড় বিজিবির সদস্য ছিলেন। তিনি রোববার বার্ষিক গ্রেনেড অনুশীলনে অংশ নিয়েছিলেন। অসাবধানতাবশত গ্রেনেডের ফায়ার পিন খোলার সময় বিস্ফোরণ ঘটে। রোববার রাত সোয়া ১টার দিকে বিজিবির অ্যাম্বুলেন্সে আবুল কাশেমের লাশ তার গ্রামের বাড়িতে পৌঁছে।
আবুল কাসেম এসএসসি পাশ করে ১৯৭৮সালে তৎকালিন বিডিআরে যোগদান করেন। তার পরিবারে স্ত্রী মাফিয়া বেগম, ৪ মেয়ে ও ১ছেলে রয়েছে। মেয়েদের মধ্যে মধ্যে কামরুন নাহার, শারমিন আক্তার ও শাহনেওয়াজ আক্তারের বিয়ে হয়েছে। ছোট মেয়ে হালিমা আক্তার এ বছর জেএসসি পরীক্ষা দিচ্ছে। একমাত্র ছেলে আতিকুর রহমান এ বছর মাস্টার্স পাশ করে চাকরি খুঁজছেন।
জেআই





