খাগড়াছড়ি জেলার দীঘিনালায় প্রতিবেশির ফসলের জমিতে গরু বাধাকে কেন্দ্র করে এক উপজাতি মহিলা নিহত হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, দীঘিনালা উপজেলার মধ্য বোয়ালখালী গ্রামের মৃত: সুবতী রঞ্জনের স্ত্রী ইন্দ্র চাকমা (৫০) সকালে স্থানীয় আলা উদ্দিনের (৬৫) পতিত জমিতে গরু বাঁধতে গেলে আলাউদ্দিন বাধা দেয় এবং গরুটিকে খোয়ারে নিতে চাইলে ইন্দ্র চাকমার সাথে বাক বিতন্ড হয়।

এক পর্যায়ে আলাউদ্দিন ঘরে থাকা ছুরি এনে আঘাত করলে ইন্দ্রা চাকমা ঘটনাস্থলেই মারা যান। আশে পাশের লোকজন পরে ইন্দ্রা চাকমার লাশ উদ্ধার করে তার বাড়িতে নিয়ে যায়। হত্যা কান্ডের প্রতিবাদে দীঘিনালা কলেজ মোড়ে বিক্ষোভ মিছিল শেষে সমাবেশ করেছে জেএসএস (লার্মা) গ্রুপ।

এই বিষয়ে জানতে চাইলে দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সামসুদ্দিন ভুইয়া জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে লাশ উদ্ধার করে।

পুলিশ আসামীকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। লাশ ময়না তদন্তের জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে প্রেরণের প্রস্তুতি নেয়া হচ্ছে। আইন শৃংখলা শান্ত রাখতে বিভন্ন স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে।

এদিকে খাগড়াছড়ি জেলা বিএনপি’র ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক আবু তালেব স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই হত্যাকান্ডসহ সকল হত্যা কান্ডের নিন্দা ও বিচার দাবি করা হয়।
জেড