ঢাকা ও খুলনা বিভাগের ২০ জেলায় হরতালসহ সারাদেশে অবরোধ চলাকালে টার্মিনাল ছেড়ে যায়নি দূরপাল্লার বাস। পরিবহনগুলোর কাউন্টারের সামনেও কোন যাত্রীর দেখা নেই।
বৃহস্পতিবার সকালে রাজধানীর প্রধান বাস টার্মিনাল গাবতলী, মহাখালী ও সায়েদাবাদ বাস কাউন্টার থেকে দূরপাল্লার কোনো বাস ছেড়ে যেতে দেখা যায়নি।
গাবতলীতে পরিবহণগুলোর কাউন্টারের সামনে গিয়ে দেখা যায়, হরতালের প্রথম দিনের মতো আজও নেই যাত্রীদের কোনো ভিড়।
যাত্রী না থাকার কারণে রংপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পিরোজপুর, শেরপুর, রংপুরসহ বিভিন্ন জেলার উদ্দেশে কোনো বাস এখনো ছাড়েনি।
দেশ পরিবহণের কাউন্টারের ম্যানেজারের সঙ্গে কথা বললে তিনি বলেন, গতকাল হরতালের প্রথম দিনে কিছুসংখ্যক যাত্রী টার্মিনালে এসেছিল। তাই অল্পসংখ্যক বাস ছেড়ে যায়।
কিন্তু আজ এখনো পর্যন্ত কোনো যাত্রী এসে কোথাও যাওয়ার জন্য টিকিট সংগ্রহ করেনি। তবে যাত্রীদের চাপ হলে পরবর্তী সময়ে বাস ছেড়ে যেতে পারে বলে জানান তিনি।
অন্য দিকে রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনালেও একই চিত্র দেখা গেছে। হরতালের কারণে সেখানেও কোন যাত্রী দেখা যায়নি।
এছাড়াও মহাখালী বাস টার্মিনাল থেকেও কোন বাস ছেড়ে যাবার খবর পাওয়া যায়নি।
এআর





