নবগঠিত সিলেট জেলা ও মহানগর কমিটিকে প্রত্যাখ্যান করে তা বাতিলের দাবি জানিয়ে নগরীতে বিক্ষোভ মিছিল করেছেন জাতীয়তাবাদী ছাত্রদলের পদবঞ্চিত নেতারা। বিক্ষোভ মিছিল থেকে কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবারা রাত ১১টার দিকে নগরীর চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনারের সামন থেকে বিক্ষোভ মিছিল বের করে জিন্দাবাজার হয়ে কোর্ট পয়েন্টে এসে পথ সভা করেন নেতাকর্মীরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, নতুন কমিটি ঘোষণার পর বিভিন্ন গ্রুপের পদবঞ্চিত নেতারা তাদের কর্মীদের নিয়ে শহীদ মিনারের সামনে অবস্থান নেন।
ছাত্রদল নেতা সাফেক মাহবুব, মাহবুবুর রহমান চৌধুরী, ভিপি মাহবুব, রেজাউল করিম নাচন, শাকিল মুর্শেদ, আহমদ চৌধুরী ফয়েজের নেতৃত্বে শতাধিক নেতাকর্মী সেখান থেকে বিক্ষোভ মিছিল বের করেন।
মিছিলকারীরা জিন্দাবাজার এলাকায় আসলে সেখানে ৭-৮টি ককটেলের বিস্ফোরণ ঘটান। এসময় ওই এলাকায় আতংক ছড়িয়ে পড়ে। পরে তারা কোর্ট পয়েন্টে গিয়ে পথ সভা করে।
পথ সভা শেষে পুনরায় ছাত্রদল নেতাকর্মীরা শহীদ মিনারে জড়ো হলে পুলিশ তাদেরকে ধাওয়া করলে তারা ছত্রভঙ্গ হয়ে সেখান থেকে সটকে পড়ে।
উল্লেখ্য, দীর্ঘ ১২বছর পর সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে জেলা সভাপতি পদে সাঈদ আহমেদ ও সাধারণ সম্পাদক পদে রাহাত চৌধুরী মুন্নার নাম ঘোষণা করা হয়। আর মহানগর ছাত্রদলের সভাপতি পদে নূরুল আলম সিদ্দিকী খালেদ ও সাধারণ সম্পাদক পদে আবু সালেহ মোহাম্মদ লোকমানের নাম ঘোষণা করা হয়েছে।
ঢাকা, ১৯ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, টিআই





