রাজশাহী সিটি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী সিরদাতুল মুনতাহা মিজান ওরফে রিয়ানাকে উদ্ধারে মানববন্ধন করেছে এলাকাবাসী, স্কুল কলেজের শিক্ষার্থী, সিটি করপোরেশনের কাউন্সিলর ও তার পরিবার।
সোমবার মহানগরীর হড়গ্রাম এলাকায় মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে তারা জানান, ৪৮ দিন ধরে নিখোঁজ রয়েছে রিয়ানা। নিখোঁজের জন্য রাজশাহী সিটি কলেজ ছাত্রলীগের যুগ্মসাধারণ সম্পাদক মমিনুল ইসলাম দিনার ও তার বন্ধুদের দায়ী করা হয়।
নিখোঁজ রিয়ানাকে উদ্ধারে পুলিশ প্রশাসনকে আরও তৎপর হওয়ার দাবি জানান তারা। মানববন্ধন শেষে মহানগর পুলিশ কমিশনারের কাছে স্মারকলিপি জমা দেওয়া হয়।
হড়গ্রাম এলাকার হার্ডওয়্যার ব্যবসায়ী মিজানুর রহমানের মেয়ে রিয়ানা। গত ১২ আগস্ট সকাল ৯টার দিকে বাড়ি থেকে কোচিং করার জন্য বের হয়ে যাওয়ার পর নিখোঁজ হন।
তার বাবা মিজানুর রহমানের অভিযোগ, রিয়ানা নিখোঁজ হওয়ার দিনই রাত আটটার দিকে সিটি কলেজ ছাত্রলীগের যুগ্মসাধারণ সম্পাদক দিনার বেশ কয়েকবার রিয়ানার মা নাসরিন জাহানের মোবাইলে ফোন করেন। তিনি রিয়ানার নিখোঁজ হওয়ার ব্যাপারে খোঁজ-খবর নিতে থাকে।
দিনারের সঙ্গে কথোপকথনের মাধ্যমে জানা যায়, তিন বছর থেকে রিয়ানার সঙ্গে দিনারের প্রেমের সম্পর্ক এবং নিখোঁজ হওয়ার দিন দুপুরে রিয়ানা দিনারের সঙ্গে পদ্মা গার্ডেনে বেড়াতে গিয়েছিল। এতে রিয়ানার বাবা রাজপাড়া থানায় গত ১৪ আগস্ট দিনারসহ অজ্ঞাত পরিচয় কয়েকজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। ওই দিন বিকেলেই দিনারকে গ্রেফতার করা হয়। পরে জামিনে বের হয় দিনার।
রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর হোসেন খন্দকার জানান, রিয়ানাকে উদ্ধারের সকল রকম চেষ্টা করা হচ্ছে। দিনারকে গ্রেফতার প্রসঙ্গে তিনি বলেন, তাকে গ্রেফতার করা হয়েছিল, কিন্তু রিমান্ডে নেওয়ার আগেই সে আদালত থেকে জামিনে মুক্ত হয়ে যায়।
এদিকে, রিয়ানা উদ্ধার কমিটির আহ্বায়ক নূরুল হকের অভিযোগ, পুলিশ রিয়ানাকে উদ্ধারের জন্য কোনো তৎপরতা নেই। তাই মানববন্ধন করে পুলিশ কমিশনারের কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে।
রাজশাহী মহানগর পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার সরদার তমিজ উদ্দীন জানান, তিনি একটি স্মারকলিপি পেয়েছেন। এ ব্যাপারে তিনি তড়িৎ পদক্ষেপ নেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন।
এ বিষয়ে দিনারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়।
জেআই,





