টাঙ্গাইলের কালিহাতী উপজেলার ইছাপুর মধ্য পাড়ায় অবসরপ্রাপ্ত সেনাবাহিনীর সার্জেন্ট নিহত হওয়ার ঘটনায় ২ জনকে গ্রেফতার করেছে কালিহাতী থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি রিভালবার, ৭ টি গুলি, ১ কেজি ৩০০ গ্রাম গাজা উদ্ধার করে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন, ঘাটাইল উপজেলার করবাড়ী গ্রামের মৃত জব্বারের ছেলে বাবলু (৪৪), একই উপজেলার নজনুবাগ গ্রামের মৃত আলিম উদ্দিনের ছেলে বিশা মিয়া (৩২)।
মঙ্গলবার দুপুরে কালিহাতী থানার এস.আই মোশারফ হোসেন গ্রেফতারের বিষয় নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, ২২ আগস্ট (শনিবার) দিবাগত রাত আড়াইটার দিকে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট মো. রমজান আলীর বাড়ির পিছন দিক দিয়ে ৭-৮ জনের একদল ডাকাত এসে বারান্দার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে। ডাকাতরা রমজান আলীর বড় ছেলে সেনা সদস্য খোকন মিয়ার স্ত্রীর হাত-মুখ বেধে জিম্মি করে মালামাল লুট করতে থাকে।
এক পর্যায়ে রমজান আলী কথাবর্তা শুনে ডাকাতদের চিনে ফেলে। এ সময় ডাকাতরা রমজান আলীর গলা টিপে ধরে। পরে ছুরিকাঘাতে রমজান আলীর মৃত্যু নিশ্চিত করে মালামাল নিয়ে চলে যায়।
ডাকাতরা নগদ প্রায় ৫ লাখ টাকা, ৫০ ভরি স্বর্ণালঙ্কার, একটি পালসার মোটর সাইকেল, আইফোন সিরিজের ৬ টি মোবাইল সেট, সঞ্চয়পত্র-চেক বই সহ মূল্যবান কাগজপত্র লুটে নেয়।
এ ঘটনায় কালিহাতী থানায় ডাকাতি ও হত্যা মামলা করা হয়েছে। কালিহাতী থানায় মামলা নং (২৬) ২৪.০৮.১৫।
এআই





