সিলেট-ঢাকা মহাসড়কের রশিদপুর নামক স্থানে একটি চলন্ত বাসের চাকা খুলে গিয়ে বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গিয়ে বাসের হেলপার নিহত হয়েছেন।
মঙ্গলবার সন্ধ্যায় সিলেটের দক্ষিণ সুরমা উপজেলায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানিয়েছে, দুর্ঘটনা কবলিত বাসটি (সিলেট জ ৪০-০১৮৯) সুনামগঞ্জের জগন্নাথপুর থেকে বিশ্বনাথ উপজেলা হয়ে সিলেট যাচ্ছিল। পথিমধ্যে হঠাৎ করে বাসটির সামনের একটি চাকা খুলে যায়। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রশিদপুর নামক স্থানের হরমুজ আলী ফিলিং স্টেশনের পার্শ্ববর্তী একটি খাদে পড়ে যায়।
এসময় ঘটনাস্থলেই হেলপার নিহত হন। তবে তার নাম-পরিচয় জানা যায়নি।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে দক্ষিণ সুরমা থানার অফিসার ইন চার্জ (ওসি) আতাউর রহমান জানান, দুর্ঘটনায় যাত্রীদের কয়েকজন সামান্য আহত হন। তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
কেএইচ





