পাইপ লাইনে গ্যাস সরবরাহের দাবিতে একাট্টা রংপুর নগরবাসী। সেই প্রাণের দাবি আদায়ের আন্দোলনে আগামীকাল বৃহস্পতিবার স্তব্ধ হবে নগরী।

সকাল ১১টায় একটা হুইসেলের আওয়াজ ছড়িয়ে দিবে স্তব্ধতার প্রতিধ্বনি। ১১টা ১০ মিনিট থমকে থাকবে নগরীর সব কার্যক্রম। ঘুরবে না গাড়ির চাকা। বন্ধ থাকবে মানুষের হাটা-চলাও। প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে ১০ মিনিট নীরবতার মধ্য দিয়ে জানান দিবে দাবি আদায়ে নগরবাসীর একাত্মতা।

এতেও যদি কাজ না হয় তবে লাগাতার হরতালসহ কঠোর কর্মসূচি দেয়া হবে বলে জানিয়েছেন বৃহত্তর রংপুর গ্যাস আন্দোলন কমিটির আহবায়ক ও নগর পিতা সরফুদ্দিন আহম্মেদ ঝন্টু।
স্তব্ধ রংপুর কর্মসূচি সফল করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে দাবি করে মেয়র ঝন্টু বলেন, গ্যাস রংপুরে দিতেই হবে। এর কোনো বিকল্প নেই। প্রতিশ্রুতি নয় গ্যাস চাই। গ্যাস ছাড়া রংপুরের উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে। জীবন দিয়ে হলেও গ্যাস আনতে চাই রংপুরে।

সাংবাদিক, ব্যবসায়ী, রাজনীতিবিদ, শিক্ষক, রিকশা ও ভ্যান চালকসহ সকল সর্বস্তরের মানুষকে স্তব্ধ রংপুর কর্মসূচিতে অংশ নেয়ার আহবান জানিয়ে তিনি বলেন, আন্দোলন সবে মাত্র শুরু হয়েছে। এরপর পাড়া মহল্লায় বিক্ষোভ, গণসংযোগ করা হবে। জনসভা, গণ-অনশনসহ লাগাতার হরতালের মতো কঠোর কর্মসূচি দেয়া হবে। এতেও যদি আমাদের দাবি আদায়ে বিলম্ব করা হয় তবে সড়ক ও রেলপথ অবরোধের মধ্য দিয়ে সারা দেশ থেকে রংপুরকে বিচ্ছিন্ন করা হবে। তীব্র থেকে তীব্রতর হবে আন্দোলন।

এদিকে স্তব্ধ রংপুর কর্মসূচি সফল করতে মাইকিং ছাড়াও নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে গ্যাসের দাবি সংবলিত বিভিন্ন প্লাকার্ড, ফেস্টুন ও ব্যানার লাগিয়ে প্রচারণা চলছে।
কর্মসূচি সফলসহ গ্যাসের দাবিতে আন্দোলনে একাট্টা হওয়া নগরবাসীও নগর পিতার আন্দোলন পরিকল্পনার সঙ্গে একাত্মতা প্রকাশ করে পাশে থাকার অভিব্যক্তি জানিয়েছেন।

ঢাকা, ৩ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেআই