সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে করা মামলা থেকে অব্যাহতি পেয়েছেন র্যাবের গুলিতে এক পা হারানো ঝালকাঠির লিমন হোসেন।
বৃহস্পতিবার বেলা পৌনে ১২টার দিকে ঝালকাঠি জেলা ও দায়রা জজ আদালতের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আবু শামিম আজাদ এ অব্যাহতির আদেশ দেন। লিমনের আইনজীবী আক্কাস সিকদার বিষয়টি নিশ্চিত করেছেন।
সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে তিন বছর সাত মাস আগে লিমনের বিরুদ্ধে মামলাটি করে র্যাব।
৯ জুলাই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক আদেশে লিমনের বিরুদ্ধে দায়ের করা দু’টি মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়। এর পরিপ্রেক্ষিতে ২৯ জুলাই ঝালকাঠির বিশেষ ট্রাইব্যুনাল-২ এর বিচারক কিরণ শংকর হালদার অস্ত্র মামলার দায় থেকে তাকে অব্যাহতির আদেশ দেন।
কিন্তু দীর্ঘদিন ঝালকাঠি জেলা ও দায়রা জজ আদালতের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের পদ শূণ্য থাকায় সরকারি কাজে বাধাদানের মামলার দায় থেকে অব্যাহতি পেতে দেরি হয়।
সব মামলায় অব্যাহতি পেয়ে লিমন বলেন, যারা আমার পঙ্গুত্বের জন্য দায়ী, আমি তাদের বিচার চাই।
২০১১ সালের ২৩ মার্চ ঝালকাঠির রাজাপুর উপজেলার সাতুরিয়ায় নিজ বাড়ির কাছের মাঠে গরু আনতে গিয়ে র্যাবের গুলিতে এক পা হারান দরিদ্র পরিবারের ১৬ বছরের কিশোর লিমন। এ ঘটনা তখন দেশব্যাপী মানবতাবোধসম্পন্ন মানুষকে নাড়া দেয়। মানুষের সহায়তায় চিকিৎসা হয় লিমনের।
লিমনকে গুলি করার পর ‘সন্ত্রাসী’ আখ্যা দিয়ে তাঁকেসহ আটজনের বিরুদ্ধে অস্ত্র আইনে ও সরকারি কাজে বাধাদানের অভিযোগ এনে দুটি মামলা করে র্যাব।
ইআর/এএইচ





