‘জীবনব্যাপী সক্ষমতা’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে খুলনায় নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০১৪।

দিবসটি পালন উপলক্ষে খুলনা জেলা প্রশাসনের আয়োজনে অফিসার্স ক্লাব মিলনায়তনে সোমবার সকালে আলোচনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে খুলনা বিভাগীয় কমিশনার মো. আবদুস সামাদ বলেন, ‘বাংলাদেশ অসীম সম্ভাবনার দেশ। কিন্তু প্রতিনিয়ত নানা ধরনের দুর্যোগের ঝুঁকি আমাদের সাফল্যকে ম্লান করে দিচ্ছে। দুর্যোগ মোকাবেলায় আমাদের স্থানীয় জনগণের সক্ষমতা সারা বিশ্বে প্রশংসা অর্জন করেছে।’

তিনি বলেন, ‘তবে জানমালের ক্ষয়ক্ষতি কমিয়ে আনতে সকলের সমন্বয় দরকার। এক্ষেত্রে সকল সরকারি বিভাগ, এনজিও, দাতাগোষ্ঠী, জনপ্রতিনিধি সবাইকে নিয়ে সমন্বয় করে প্রস্তুতি নিতে হবে। যাতে যেকোনো দুর্যোগে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া যায়।’

বিশেষ অতিথির বক্তব্যে খুলনা জেলা পরিষদের প্রশাসক শেখ হারুনুর রশীদ বলেন, ‘দুর্যোগ মোকাবেলায় সাধারণ মানুষের মাঝে স্থায়ীভাবে সক্ষমতা গড়ে তুলতে হবে। এ জন্য জনগণকে সচেতন রাখতে নিয়মিত সেমিনার, প্রশিক্ষণ এবং পূর্ব প্রস্তুতিমূলক কার্যক্রম চলমান রাখতে হবে।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা জেলা প্রশাসক আনিস মাহমুদ। এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- খুলনা পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক কাজী আনিসুজ্জামান বিভাগীয় বন কর্মকর্তা জহির উদ্দিন আহমেদ ও খুলনা প্রেস ক্লাবের সভাপতি ফারুক আহমেদ।

এসময় বিভিন্ন সরকারি-বেসরকারি বিভাগের কর্মকর্তা, সাংবাদিক, স্বেচ্ছাসেবক, স্কুল-কলেজের শিক্ষার্থী ও সুধীজন উপস্থিত ছিলেন।

পরে দুর্যোগ বিষয়ে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

জেআই