সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ঢাকাদক্ষিণ কলেজের তিন কলেজ ছাত্রকে বহিষ্কার করা হয়েছে। কলেজে ভাঙচুর, চাঁদাবাজি এবং শিক্ষকদের সঙ্গে অশালীন আচরণের অভিযোগে ওই তিন ছাত্রকে বহিষ্কার করেছে কলেজ পরিচালনা কমিটি।
বহিষ্কৃত ছাত্ররা হচ্ছেন- স্নাতক প্রথম বর্ষের জুয়েল আহমদ, অপু মালাকার ও নাহিদ আহমদ। একই রকম অভিযোগে জুয়েল আহমদের ভাই রুহেল আহমদকে তিনবছর পূর্বে কলেজ থেকে বহিষ্কার করা হয়েছিল।
রোববার দুপুরে গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও কলেজ পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ আশরাফুল আলম খানের সভাপতিত্বে ও কলেজ অধ্যক্ষ অনুরঞ্জন দাসের পরিচালনায় অনুষ্ঠিত সভায় তাদেরকে বহিষ্কারের এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন কলেজ অধ্যক্ষ অনুরঞ্জন দাস।
উল্লেখ্য, গত জুন মাসের শেষ সপ্তাহে কয়েকজন ছাত্র কলেজে হামলা, ভাঙচুর ও শিক্ষকদের সঙ্গে অশালীন আচরণ করে। এরপর থেকে শিক্ষকরা অভিযুক্ত ছাত্রদের শাস্তির দাবিতে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছিলেন।
কেএইচ





