আগামী ১৭ অক্টোবর ঢাকা-৫ ও নওগাঁ- ৬ আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হবে। এছাড়া পাবনা-৪ আসনের উপনির্বাচন আগামী ২৬ সেপ্টেম্বরে ব্যালট ভোটের মাধ্যমে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

রোববার (২৩ আগস্ট) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে এক সভা শেষে কমিশনের সিনিয়র সচিব মো. আলমগীর সাংবাদিকদের এ তথ্য জানান।

সচিব জানান, পাবনা-৪ আসনে ব্যালটে নির্বাচন হবে। আসনটিতে মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিন ২ সেপ্টেম্বর। মনোয়নপত্র যাচাই-বাছাই ৩ সেপ্টেম্বর, প্রত্যাহারের শেষ দিন ৮ সেপ্টেম্বর। ঢাকা-৫ ও নওগাঁ-৬ শূন্য আসনের তফসিল পরে ঘোষণার কথা জানানো হয়েছে।

সাবেক ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলু মারা যাওয়ায় পাবনা-৪ (আটঘরিয়া-ঈশ্বরদী) আসন শূন্য হয়। ২ এপ্রিল চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

সচিব বলেন, ঢাকা-১০ আসনে নির্ধারিত মেয়াদের পরবর্তী ৯০ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রজ্ঞাপন জারির ব্যবস্থা করা হবে। সিরাজগঞ্জ-১০ আসনের নির্বাচন নির্ধারিত মেয়াদের পরবর্তী ৯০ দিনের মধ্যে অনুষ্ঠানের জন্য যথা সময়ে তফসিল ঘোষণা করা হবে।

সচিব বলেন, করোনার কারণে নির্বাচনী প্রচারণায় জনসভা-পথসভা মিছিলসহ বাড়ি বাড়ি গিয়ে ভোট চাইতে পারবেন না প্রার্থীরা। করোনার কারণে ঢাকা-১৮ এবং বন্যার কারণে সিরাজগঞ্জ-১ আসনের নির্বাচন আরও ৯০ দিন পেছানো হয়েছে।

সংবিধানের ১২৩ অনুচ্ছেদের ৪ দফায় অনুযায়ী সংসদ ভেঙে যাওয়া ছাড়া অন্য কোনো কারণে সংসদের কোনো সদস্যপদ শূন্য হলে ৯০ দিনের মধ্যে নির্বাচন করতে হবে। তবে কোনো দৈব-দুর্বিপাকের কারণে ইসি আরও ৯০ দিনের মধ্যে এ নির্বাচন করবে। করোনার কারণে দৈব-দুর্বিপাকের সুবিধা নিচ্ছে ইসি।

এএস