রাজধানীর ইউনাইটেড হাসপাতালে আগুনের ঘটনায় ৭ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।
তদন্তে আগুনের কারণ, হাসপাতালের অগ্নিনিরাপত্তা ব্যবস্থা, দায়বদ্ধতা ও ব্যর্থতা (যদি থাকে) তুলে ধরা হবে। বুধবার (২৭ মে) রাতে এই কমিটি গঠন করা হয়।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল সাজ্জাদ হোসাইন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, তদন্ত কমিটিকে ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয়া হয়েছে।
এর আগে বুধবার রাত ৯টা ৩০ মিনিটের দিকে গুলশানের ইউনাইটেড হাসপাতালের মূল ভবনের বাইরের কোভিড আইসোলেশন ইউনিটে আগুন লাগে। আইসোলেশন ইউনিটে থাকা পাঁচজনের সবাই মারা গেছেন।
নিহতরা হলেন- রিয়াজুল আলম (৪৫), খাদেজা বেগম (৭০), ভেরুন এন্থনি পল (৭৪), মনির হোসেন (৭৫) ও মাহাবুব এলাহী চৌধুরী (৫০)। তারা সবাই করোনা উপসর্গ নিয়ে ভর্তি ছিলেন।
হাসপাতালের চিফ অব কমিউনিকেশন অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্ট ডা. সাগুফা আনোয়ার বলেন, “আমরাও পাঁচ জন মারা যাওয়ার খবর পেয়েছি।”
আগুন লাগা প্রসঙ্গে তিনি আরও বলেন, “মূল ভবনের বাইরে করোনা ইউনিটে শর্টসার্কিট থেকে আগুন লাগে। ১০ থেকে ১২ মিনিটের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আসে। সবকিছু মিলিয়ে নিয়ন্ত্রণে আছে পরিস্থিতি। কোনও ধরনের ধোঁয়া হাসপাতালের মূল ভবনের ভেতরে যায়নি।” তিনি আরও বলেন, “হাসপাতালের মূল ভবনের বাইরে পাঁচ বেডের আইসোলেশন ওয়ার্ড করা হয়েছিল। সেখানেই অগ্নিকাণ্ড হয়।”
এমবি





