কুষ্টিয়ার মিরপুরে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে ২ ভাই নিহত হয়েছেন। এ ছাড়া কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। এ ঘটনায় জড়িত ৭ জনকে আটক করেছে পুলিশ।

সোমবার ইফতারের পর উপজেলার কবরবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- শহিদুল ইসলাম (৬৫) ও তার ভাই আব্দুল ওহাব (৫৪)।

পুলিশ জানায়, মিরপুরে একটি সরকারি জলমহল লিজ নেওয়াকে কেন্দ্র করে স্থানীয় বিশ্বাস গ্রুপের সঙ্গে মালিথা গ্রুপের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে ইফতারের পর মালিথা গ্রুপের আমিরুল মালিথার নেতৃত্বে তার আওয়ামী লীগ কর্মী সমর্থকরা বিশ্বাস গ্রুপের ইয়াকুব আলী সর্দারের বাড়িতে হামলা চালায়।

এ সময় ইয়াকুব আলী সর্দারের ছেলে শহিদুল ইসলাম ও আব্দুল ওহাবকে ধারলো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপানো এবং লাঠিপেটা করা হয়। এতে আব্দুল ওহাব ঘটনাস্থলেই মারা যান। আর গুরুতর আহত অবস্থায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়ার পর শহিদুল ইসলাম মারা যান।

এ সময় দু’পক্ষের সংঘর্ষে ধারলো অস্ত্র, ইটপাটকেল ও লাঠি সোটার আঘাতে কমপক্ষে ১০ জন আহত হন। এদের মধ্যে ৫ জনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার সোহেল রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, ইতোমধ্যেই এ ঘটনায় জড়িত ৭ জনকে আটক করেছে পুলিশ। বাকিদের আটকে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

ঢাকা, ২৯ জুলাই (টাইমনিউজবিডি.কম) //জেডআই