ভৈরব নদের তীরবর্তী দিঘলিয়া উপজেলায় শুরু হওয়া তিন দিনব্যাপী জেলা ইজতেমা শনিবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে।

দুপুর ১২টায় শুরু হওয়া মোনাজাত পরিচালনা করেন বিশিষ্ট আলেম মাওলানা মোহাম্মদ হোসেন। বিশ্ব মুসলিমের কল্যাণ ও আল্লাহ পাকের রহমত কামনা করে অনুষ্ঠিত মোনাজাতে দুই লক্ষাধিক ধর্মপ্রাণ মুসলমান অংশ নেন।

এ দিকে ইজতেমায় আগত মকবুল হোসেন (৬২) নামক এক মুসল্লির বার্ধক্যজনিত কারণে মৃত্যু হয়েছে। ফজরবাদ ইজতেমা ময়দানে তার জানাজা সম্পন্ন হয়।

জেলা ইজতেমার পরিচালনার দায়িত্বে নিয়োজিত মাওলানা মুজিবুর রহমান রহমান জানান, এটি ‘খুলনা জেলা ইজতেমা’ হলেও এখানে কয়েক লাখ মুসল্লির সমাগম ঘটে। তিনি এটিকে দেশের সর্ববৃহৎ জেলা ইজতেমা বলে দাবি করে বলেন, ইজতেমায় খুলনা ও পার্শ¦বর্তী জেলা-উপজেলা ছাড়াও মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড ও ভারত থেকে আসা মুসল্লিরা বেশ কয়েকটি জামাতে অংশ নেন।

তবে শুক্রবার জুমার জামাত আদায় এবং শনিবার আখেরি মোনাজাতে শরিক হতে বিভিন্ন এলাকা থেকে এখানে মুসল্লিদের ঢল নামে।

জেআই