নোয়াখালীতে দ্রুতগামী ট্রাকের চাপায় মো. ইব্রাহিম (৩৫) নামের এক রিকশা আরোহী নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন রিকশাচালক। আজ শুক্রবার সকাল ছয়টার দিকে শহরের সোনাপুর-কবিরহাট সড়কের বিসিক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইব্রাহিম নোয়াখালী শহরের সোনাপুর বাজারের মাছ ব্যবসায়ী। তিনি সদর উপজেলার অশ্বদিয়া ইউনিয়নের লালানগর গ্রামের আলী আজ্জমের ছেলে। আহত রিকশাচালক মো. ফারুককে (৪০) স্থানীয় লোকজন উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে অশ্বদিয়া এলাকা থেকে রিকশাযোগে সোনাপুর বাজারে যাচ্ছিলেন মাছ ব্যবসায়ী ইব্রাহিম। রিকশাটি শহরের সোনাপুর বিসিক শিল্পনগর এলাকায় গেলে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি ট্রাক চাপা দেয়। এতে রিকশারোহী ইব্রাহিম ঘটনাস্থলে নিহত ও চালক গুরুতর আহত হন। এ সময় আশপাশের লোকজন ট্রাকটি আটক করে থানায় খবর দেন।

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ট্রাকটি আটক করা হয়েছে। চালক পলাতক।
এমই