নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার মিরওয়ারিশপুরে কাভার্ডভ্যান চাপায় রিফাত হোসেন (১১) নামে এক শিশু নিহত হয়েছে। এ ঘটনার প্রতিবাদে ঢাকা-নোয়াখালী সড়ক অবরোধ করেছে বিক্ষুব্ধ জনতা।
শুক্রবার সকাল ১১টার দিকে ঢাকা-নোয়াখালী সড়কের আপানিয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রিফাত হোসেন জেলার সোনাইমুড়ী উপজেলার বজরা ইউনিয়নের চাঁদপুর গ্রামের নুরুলইসলামের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে ঢাকা-নোয়াখালী সড়ক দিয়ে সোনাইমুড়ী থেকে একটি মালবাহী কাভার্ডভ্যান জেলা শহরের দিকে আসছিল। এসময় সড়কের আপানিয়া বাজার এলাকায় কাভার্ডভ্যানটি পৌঁছলে সড়কের উপর দাঁড়িয়ে থাকা শিশু রিফাতকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে রিফাতের মৃত্যু হয়।
পরে স্থানীয় জনতা কাভার্ডভ্যানটি আটক করে এবং ঢাকা-নোয়াখালী সড়ক অবরোধ করে রাখে। শেষ খবর পাওয়া পর্যন্ত (দুপুর ১টা) অবরোধ এখনো চলছে।
বেগমগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম ফারুক জানান, বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ তিনি ঘটনাস্থলে যাচ্ছেন। স্থানীয়দের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমআই/ এআর





