দেশের ২১তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিয়ে সাভার জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন সুরিন্দ্র কুমার সিনহা (এস কে সিনহা)।
তার সঙ্গে এ সময় হাইকোর্ট ও সুপ্রীম কোর্টের আপিল বিভাগের ৯৭ বিচারপতি উপস্থিত ছিলেন।

নবনিযুক্ত প্রধান বিচারপতি শনিবার বিকেল সাড়ে ৩টায় সফরসঙ্গীদের সঙ্গে নিয়ে জাতীয় স্মৃতিসৌধে পৌঁছান। এ সময় তাকে স্বাগত জানান নবম পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল ওয়াকারুজ্জামান।

পরে সুপ্রীম কোর্টের আপিল বিভাগের সাত এবং হাইকোর্টের দায়িত্বরত ৯০ বিচারপতিকে সঙ্গে নিয়ে স্মৃতিসৌধের শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি। এ সময় এক মিনিট নীরবে দাঁড়িয়ে থেকে শহীদদের প্রতি সম্মান জানান উপস্থিত সকল বিচারপতিসহ প্রধান বিচারপতি।

পরে স্মৃতিসৌধের পরিদর্শন বইতে অনুভূতি লিপিবদ্ধ করেন প্রধান বিচারক এস কে সিনহা। শ্রদ্ধা নিবেদন শেষে বিকেল সোয়া ৪টায় জাতীয় স্মৃতিসৌধ এলাকা ত্যাগ করেন প্রধান বিচারপতি।

১২ জানুয়ারি আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহাকে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেয় রাষ্ট্রপতি।

জেআই