নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর ইউনিয়নে গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণে সৃষ্ট অগ্নিকাণ্ডে দগ্ধ শিশু শাফায়েত হোসেন (১১) ও ফাহিম (৭) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।

বৃহস্পতিবার (১৪ জুলাই) রাত ১০টার দিকে ঢাকা নেওয়ার পথে শাফায়েতের মৃত্যু হয়। এরআগে রাত ৮টার দিকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ফাহিমের মৃত্যু হয়।

মৃত শাফায়েত হোসেন কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের নূরনবীর ছেলে ও ফাহিম একই এলাকার তরিকুল ইসলামের ছেলে।

নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ফরিদ উদ্দিন চৌধুরী জানান, দগ্ধ অবস্থায় শিশু ফাহিমকে হাসপাতালে ভর্তির পর রাত ৮টার দিকে তার মৃত্যু হয়েছে। তার শরীরের প্রায় ৮০ শতাংশ পুড়ে গেছে।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মো. ফজলে রাব্বী জানান, প্রাথমিকভাবে জানা গেছে গ্যাসের অটো চুলায় আগে থেকে লিক থাকায় গ্যাস বাতাসে ছড়িয়ে ছিল। পরে দোকানের মালিক মামুন চুলায় আগুন দিতে গেলে আগুন পুরো দোকানে ছড়িয়ে পড়ে ৫ জন দগ্ধ হয়। তবে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটেছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

বৃহস্পতিবার বিকেলে মুছাপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডে বাগদা বাজারের একটি চায়ের দোকানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুন ধরে যায়। এতে দোকানে থাকা শিশু ফাহিম ও শাফায়েত হোসেন ছাড়াও একই এলাকার মো. সেলিমের ছেলে কিশোর, আবুল কালামের ছেলে ও দোকানের মালিক মামুন দগ্ধ হয়।

এমই