রংপুরের কোতোয়ালি, পীরগঞ্জ, মিঠাপুকুর ও পীরগাছায় অভিযান চালিয়ে জামায়াত-শিবিরের ৩৩ জন কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার রাত থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত এই অভিযান চালানো হয় বলে জানান জেলা পুলিশের বিশেষ শাখার উপ-পরিদর্শক মো. শরিফুল ইসলাম।

তিনি জানান, মিঠাপুকুর থানা পুলিশের একটি দল থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে জামায়াত-শিবিরের ২১ জন কর্মীকে গ্রেফতার করেছে।

অপরদিকে পীরগঞ্জ থানা পুলিশ জামায়াত-শিবিরের ৭ জন, কোতোয়ালি থানা পুলিশ ৩ জন ও পীরগাছা থানা পুলিশ ২ জন জামায়াত-শিবিরকর্মীকে গ্রেফতার করেছে।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় পুলিশের ওপর হামলা, পুলিশ হত্যা ও সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনাসহ বিভিন্ন মামলা রয়েছে। আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।

ঢাকা, ৭ আগস্ট, টাইমনিউজবিডি.কম, কেএইচ