কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সোমবার দুপুর ১২ টার মধ্যে হল ছাড়ার নির্দেশ দেয়া হয়েছে বলে জানা যায়।

আজ রোববার দুপুরে ছাত্রশিবিরের মিছিলকে কেন্দ্র করে ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। সংঘর্ষে পুলিশের সাতজন সদস্যসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। এরই প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট কমিটি রাতে জরুরি বৈঠকে বসে। বৈঠকে এসব সিদ্ধান্ত হয়।

বৈঠক শেষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আব্দুল হাকিম সরকার বলেন, উদ্ভূত পরিস্থিতি নিয়ে রাতে জরুরি সিন্ডিকেটের সভা বসে। সভা সর্বসম্মতক্রমে ২৫ আগস্ট থেকে ৮ সেপ্টেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল প্রকার একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে। শিক্ষার্থীদের কাল দুপুর ১২ টার মধ্যে হলত্যাগ করতে নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে আজকের ঘটনা তদন্তে সিন্ডিকেটের বৈঠক উপাচার্য আব্দুল হাকিম সরকারকে আহ্বয়ক করে একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্য কতজন হবে তা নির্ধারণের দায়িত্ব দেওয়া হয়েছে উপাচার্যকে। বিশ্ববিদ্যালয় খোলার পর কমিটিকে তদন্ত প্রতিবেদন সিন্ডিকেটে দাখিল করতে বলা হয়েছে।

উল্লেখ্য, আজ দুপুর পৌনে ১২টার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রশিবিরের মিছিলকে কেন্দ্র করে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। সংঘর্ষে পুলিশের সাতজন সদস্যসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। পুলিশের ছোড়া গুলিতে গুলিবিদ্ধ হয়েছেন ছাত্রলীগের পাঁচ নেতা-কর্মী। সংঘর্ষের সময় প্রক্টরের কার্যালয় ও বিশ্ববিদ্যালয়ের তিনটি গাড়িতে ব্যাপক ভাঙচুর চালান ছাত্রলীগের কর্মীরা।

ঢাকা, ২৫ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এসএইচ