রাজশাহী মহানগরে হুসেইন মুহম্মদ এরশাদের উপস্থিতিতে সোমবার জাতীয় পার্টির দ্বিবার্ষিক সম্মেলনে মঞ্চে দুপক্ষের সংঘর্ষের ঘটনা ঘটে।
অবস্থা বেগতিক দেখে সংক্ষিপ্ত বক্তব্য দিয়ে দ্রুত সম্মেলনস্থল ত্যাগ করেন তিনি। এদিকে, ওই ঘটনার সংবাদ সংগ্রহ করতে গেলে নেতাকর্মীরা সাংবাদিকদের লাঞ্ছিত করেন।
সম্মেলন শুরুর কিছুক্ষণ পরেই রাজশাহী বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান পদে জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন বাচ্চুকে মনোনয়ন দেয়ার দাবি জানান জেলা জাপার নেতা রিন্টু। আর তা না দেয়া হলে রাজশাহী থেকে সরকার পতনের আন্দোলনের হুমকি দেন তিনি।
এরপরই একই দাবিতে মহানগর জাতীয় পার্টির সাবেক আহবায়ক এসএম জোহা সরকারকে মনোনয়ন দেয়ার দাবি জানান মহানগর ছাত্রসমাজের আহবায়ক শাহিন।
জেলা ও মহানগরের দুই নেতার পরস্পরবিরোধী বক্তব্য দেওয়ায় জেলা ও মহানগর জাতীয় পার্টির নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এরই মধ্যে জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদ শাহবুদ্দিন বাচ্চুকে বক্তব্য দেয়ার আহবান জানানো হলে মহানগর সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সাহাবুদ্দিন তাকে বাধা দেয়ার চেষ্টা করেন।
এতে মঞ্চে উপস্থিত দুই পক্ষের মধ্য হাতাহাতির এক পর্যায়ে সংঘর্ষ বাধে। এসময় ঘটনাস্থলে উপস্থিত পুলিশ মঞ্চে গিয়ে পরিস্থিতি সামলানোর চেষ্টা করে। সংবাদ সংগ্রহ করতে গেলে নেতাকর্মীরা সাংবাদিকদের লাঞ্ছিত করেন।

অবস্থা বেগতিক দেখে দলের চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ চেয়ার থেকে উঠে ডায়াসে এসে বলেন, ‘দীর্ঘদিন কাউন্সিল না হওয়ায় রাজশাহী মহানগরীতে জাতীয় পার্টি নেতৃত্বশূন্য হয়ে পড়েছে। তাই ঢাকায় ফিরে বৈঠক করে নেতৃত্ব ঠিক করে দেব।’
তিনি বলেন, ‘দেশের মানুষ শান্তিতে নেই। দেশের মানুষ আজ গুম, খুন আতঙ্কে রয়েছে। তাই আমি ক্ষমতায় আসলে মানুষ শান্তিতে ঘুমাতে পারবে।’
এরশাদ বলেন, ‘বিএনপিতে যারা আছেন তাদের ভবিষ্যৎ অন্ধকার। সুন্দর জীবন চান, জাতীয় পার্টিতে যোগদান করুন।’
এরপরই এরশাদ দ্রুত সম্মেলনস্থল ত্যাগ করেন।
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে পার্টির প্রেসিডিয়াম সদস্য ও পানি সম্পদমন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট সালমা ইসলাম এমপি, প্রেসিডিয়াম সদস্য মীর আবদুস সবুর আসুদ উপস্থিত থাকার কথা থাকলেও তারা আসেননি। সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক সাইফুল ইসলাম স্বপনের সভাপতিত্বে সম্মেলনে প্রধান বক্তা হিসেবে পার্টির মহাসচিব জিয়াউদ্দিন বাবলু ও বিশেষ বক্তা জাতীয় পার্টির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভুঁইয়ার বক্তব্য দেওয়ার কথা থাকলেও তারা দেননি।
ঢাকা, ১ সেপ্টম্বর, টাইমনিউজবিডি.কম, জেআই





