ঢাকা-১৪, সিলেট-৩ ও কুমিল্লা-৫ শূন্য সংসদীয় আসনের উপনির্বাচন ১৪ জুলাই অনুষ্ঠিত হবে।
বুধবার (০২ জুন) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে কমিশন সভা শেষে এসব নির্বাচনের তফসিল ঘোষণা করেন নির্বাচন কমিশন (ইসি) সচিব মো: হুমায়ুন কবীর খোন্দকার।
ঘোষিত তফসিল অনুযায়ী আসনগুলো মনোনয়নপত্র দাখিলের শেষদিন ১৫ জুন। মনোয়নপত্র বাছাই ১৬ জুন, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষদিন ২৩ জুন। এছাড়া প্রতীক বরাদ্দ ২৪ জুন এবং ভোটগ্রহণ ১৪ জুলাই অনুষ্ঠিত হবে।
নির্বাচন অনুষ্ঠানে স্বাস্থ্য মন্ত্রণালয় পরামর্শ নেওয়া হয়েছে কি-না? এমন প্রশ্নে এড়িয়ে সচিব হুমায়ুন কবীর বলেন, স্বাস্থ্যবিধি মেনে প্রচার-প্রচারণা এবং ভোটগ্রহণের বিষয়ে নির্বাচন কমিশন থেকে নির্দেশনা যাবে।
এদিকে, ইসি সচিব হুমায়ুন কবীর খোন্দকার জানান, স্থগিত থাকা প্রথম ধাপের ৩৭১টি ইউনিয়ন পরিষদ (ইউপি), ১১টি পৌরসভা ও লক্ষ্মীপুর-২ আসনের উপ-নির্বাচনের ভোটগ্রহণ আগামী ২১ জুন অনুষ্ঠিত হবে।
তিনি জানান, নির্বাচন অনুষ্ঠানে আজই বিজ্ঞপ্তি জারি করা হবে। বিজ্ঞপ্তি জারির পর থেকেই প্রার্থীরা নির্বাচনি প্রচারণা শুরু করতে পারবেন।
এমবি





