ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের বিশমাইল এলাকায় যাত্রীবাহী বাসের চাপায় সড়ক ও জনপদ বিভাগের সড়ক সংস্কার কাজে নিয়োজিত এক শ্রমিক নিহত হয়েছেন। এ সময় আরও একজন আহত হয়েছেন।

শুক্রবার রাত ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, রাত ৮টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের বিশমাইল এলাকায় একটি পিকআপ ভ্যান নিয়ে ক্ষতিগ্রস্ত সড়ক মেরামতের কাজ করছিলো সড়ক ও জনপদের কয়েকজন নির্মাণ শ্রমিক।

এ সময় নবীনগর থেকে সাভারগামী নূপুর পরিবহনের একটি দ্রুতগতির যাত্রীবাহী বাস পেছন থেকে পিকআপ ভ্যানটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হন এক শ্রমিক। এছাড়া আহত হন আরো একজন। পরে স্থানীয়রা আহত শ্রমিককে উদ্ধার করে সাভারের সম্মিলিত সামরিক হাসপাতলে ভর্তি করে প্রাথমিক চিকিৎসা দেয়।

এদিকে দুর্ঘটনার খবর পেয়ে সাভার হাইওয়ে থানা পুলিশ আশুলিয়ার বিশমাইল পরিদর্শন করেছে। পুলিশ ঘাতক বাসটিকে আটক করলেও চালক ও হেলপার পালিয়ে গেছে।

ঢাকা, ২৬ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, কেএইচ