কুমিল্লার মুরাদনগর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের কমিটি গঠন নিয়ে দুই পক্ষের সংঘর্ষে পাঁচজন আহত হয়েছে। এ সময় ছবি তুলতে গেলে এক পক্ষের লোকজন সাংবাদিককে লাঞ্ছিত করে ও ক্যামেরা ছিনিয়ে নেয়।

রোববার বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ ও  এর আশপাশে এ সংঘর্ষ ঘটে।

জানা যায়, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের কমিটি গঠনকে কেন্দ্র করে সংঘর্ষের সময় স্থানীয় সংসদ সদস্য ইউছুফ আব্দুল্লাহ হারুন উপস্থিত ছিলেন।

বেলা ১১টার দিকে এমপি হারুন গ্রুপ ও জেলা উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম গ্রুপের মধ্যে দফায় দফায় সংর্ঘষ হয়। এতে পাঁচ নেতাকর্মী আহত হন।

সংঘর্ষের ছবি তুলতে গেলে দৈনিক কালের কণ্ঠের মুরাদনগর প্রতিনিধি আজিজুর রহমান রনির ওপর ইউছুফ গ্রুপের সদস্য ছিলিমপুর গ্রামের মারভেজসহ চার-পাঁচজনে  হামলা করে। তারা তাকে লাঞ্ছিত করে এবং ক্যামেরা ছিনিয়ে নেয়। এ ব্যাপারে আজিজুর রহমান রনি মুরাদনগর থানায় একটি অভিযোগ করেছেন।

আজিজুর রহমান রনি অভিযোগ বলেন, “আমি সংঘর্ষের ছবি তুলতে গেলে পারভেজের নেতৃত্বে চার-পাঁচজন আমার ওপর হামলা করে ও ক্যামেরা ছিনিয়ে নেয়। উপজেলা ভাইস চেয়ারম্যানে ও অন্য লোকেরা আমাকে উদ্ধার করেন। সন্ত্রসীদের গ্রেফতারের দাবি করেন রনি।

এ ব্যাপারে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন সাংবাদিক লাঞ্ছিতের ঘটনার কথা স্বীকার করে জানান, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

জেএ