জাতীয় পার্টির চেয়াম্যান ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি চরম অবনতির দিকে যাচ্ছে। আজ সাধারণ মানুষ তো দূরের কথা পুলিশরাও নিরাপদে নেই। রোববার

বিকালে কক্সবাজার জেলা জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, আল্লাহর বান্দাহদের কেন খুন করা হয়? মানুষ মেরে কোন দিন ক্ষমতায় টিকে থাকা যায় না। যারা মানুষ মেরে ক্ষমতায় থাকতে চায় জনগণ তাদের ক্ষমতায় থাকতে দেবে না। দেশবাসী পরিবর্তন চায়।

পৌর নির্বাচন আওয়ামী লীগের জন্য অগ্নিপরীক্ষা বলে মন্তব্য করে এরশাদ বলেন, ৩শ বছরের ইতিহাস চুরমার করে আওয়ামী লীগ দলীয় প্রতীকে নির্বাচন প্রথা চালু করেছে। তাই এ নির্বাচন তাদের জন্য অগ্নিপরীক্ষা। তিনি বলেন, আমি ৯ বছর ক্ষমতায় ছিলাম। আমার সময় কোন মানুষ খুনের শিকার হয়নি। আমি ক্ষমতা ছাড়ার পর শত শত মানুষ খুন হয়েছে। প্রতিদিন গুম হচ্ছে। এর কোন বিচার হয়নি।

এরশাদ আক্ষেপ করে বলেন, আমি বিনা বিচারে ৬ বছর কারা ভোগ করেছিলাম। যারা আমাকে কারাগারে দিয়ে নিঃশেষ করতে চেয়েছিল, আজ তারাই নিঃশেষ হওয়ার পথে। আমার স্ত্রী তো রাজনীতি করতো না, তাকে এবং আমার ছোট্ট সন্তানকেও জেলে পুরা থেকে রেহাই দেয়নি তারা।

এআই