সোমবার থেকে চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে শুরু হচ্ছে তিন দিনব্যাপী উন্নয়ন মেলা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের উন্নয়ন কর্মকাণ্ড জনগণকে অবহিত করার লক্ষে এই বিশেষ ‘উন্নয়ন মেলা’র আয়োজন করছে চট্টগ্রাম জেলা প্রশাসন।

সোমবার বিকেল ৪টায় এই উন্নয়ন মেলার উদ্বোধন হবে। উদ্বোধনের পূর্বে চট্টগ্রাম সার্কিট হাউস চত্ত্বর থেকে একটি র‌্যালি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় এম এ আজিজ স্টেডিয়ামে এসে শেষ হবে।

রোববার দুপুরে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে উন্নয়ন মেলা সম্পর্কে বিস্তারিত তথ্য সাংবাদিকদের সামনে উপস্থাপন করেন চট্টগ্রামের জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন।

সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক জানান, ‘বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতির বিভিন্ন সূচক যেমন মাথপিছু আয় বেড়েছে, খাদ্য উৎপাদন বেড়েছে, মাতৃ মৃত্যুর হার কমে গেছে, বৈদেশিক রেমিটেন্স বৃদ্ধি পেয়েছে, গড় আয়ুষ্কাল বৃদ্ধি পেয়েছে এবং শিশু মৃত্যুহারও কমে গেছে।

সরকারের উন্নয়ন অগ্রযাত্রা জনগণকে অবহিত করতে এবং এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতেই উন্নয়ন মেলার আয়োজন করা হয়েছে।

মেলায় ৩১টি সরকারি প্রতিষ্ঠান ৪৩টি স্টলের মাধ্যমে তাদের উন্নয়ন অগ্রগতি তুলে ধরবে বলে জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন জানান।

মেলায় বিশেষায়িত যেসব উন্নয়ন কার্যক্রম প্রকল্প উপস্থাপন করা হবে তার মধ্যে রয়েছে প্রান্তিক জনগোষ্ঠীর আর্থ সামাজিক অবস্থার উন্নয়নের জন্য ‘একটি বাড়ি একটি খামার প্রকল্প’, ছিন্নমূল ও গৃহহীনে আশ্রয় দানের লক্ষ্যে ‘আশ্রয়ন প্রকল্প’, আধুনিক পাঠক্রম ও জনগণের দোরগোড়ায় ই-সেবা নিশ্চিত করতে ‘ডিজিটাল বাংলাদেশ’, শিক্ষা বৃত্তি ও বই বিতরণের উদ্দেশে ‘শিক্ষা সহায়তা’, ‘নারীর ক্ষমতায়ন’, ‘ঘরে ঘরে বিদ্যুৎ’, তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবা পোঁছে দিতে ‘কমিউনিটি ক্লিনিক ও মানসিক স্বাস্থ্য’, অসহায় নাগরিকদের সহায়তায় ‘সামাজিক নিরাপত্তা কর্মসূচি’ ইত্যাদি।

মেলায় অংগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে, চট্টগ্রাম জেলা প্রশাসন, চট্টগ্রাম সিটি করপোরেশন, জেলা পরিষদ, সিএমপি, জেলা পুলিশ, ওয়াসা, সিডিএ, রেলওয়ে, জেলা শিক্ষা অফিস, জেলা প্রাণি সম্পদ অফিস, ফায়ার সার্ভিস, সিভিল সার্জন কার্যালয়, জেলা সমাজসেবা কার্যালয়, স্থানীয় সরকার বিভাগ, গণপূর্ত বিভাগ, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, চট্টগ্রাম শিক্ষা বোর্ড, জেলা মাধ্যমিক শিক্ষা অফিস, জেলা মৎস্য বিভাগসহ বিভিন্ন সরকারী প্রতিষ্ঠান।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. শাহরিয়াজ, আবদুল জলিল, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. আবুল হোসেন, আবদুল জলিল, নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিলুর রহমান মুক্ত, রাজীব উল আহসান প্রমুখ।

এমকে