চলমান সঙ্কট নিরসনে এগিয়ে না আসলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে আদালতে মামলা করার হুমকি দিয়েছেন রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান।

শনিবার বেলা ১০টায় নগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদ ও সম্মিলিত নারী শিল্প উদ্যোক্তাদের ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচিতে এ হুমকি দেন তিনি।

চলমান পরিস্থিতি নিয়ে চরম উদ্বেগ প্রকাশ করে জামাত খান বলেন, ‘দেশে মানুষ হত্যা বন্ধ ও সন্ত্রাসী কার্যকলাপ থেকে বিরত না থাকলে প্রয়োজনে দুই নেত্রীর বিরুদ্ধে আদালতে মামলা করা হবে।’

তিনি বলেন, ‘সারা দেশে আন্দেলন কর্মসূচির নামে মানুষ পুড়িয়ে হত্যা করা হচ্ছে। কৃষক-শ্রমিক ও মেহনতি মানুষকে জিম্মি করে দেশে এক ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি করা হয়েছে। কৃষি থেকে শুরু করে অর্থনীতির সব ক্ষেত্রে অস্থিরতা বিরাজ করছে। এসএসসি পরীক্ষা নিয়ে লাখো শিক্ষার্থী ও অভিভাবকরা শঙ্কিত হয়ে পড়েছেন। শিল্প সেক্টরে চরম অমানিসা নেমে এসেছে। দেশের মানুষ এসব থেকে মুক্তি চায়। এ অবস্থা চলতে পারে না।’

অবিলম্বে তিনি দেশের চলমান সঙ্কট নিরসনে দুই নেত্রীকেই এগিয়ে আসার আহবান জানান।

জামাত খানের সভাপতিত্বে এ কর্মসূচিতে রাজশাহী নগরীর বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নিয়ে বর্তমান পরিস্থিতি নিয়ে চরম ক্ষোভ প্রকাশ করেন। এ সময় দেশের চলমান রাজনৈতিক স্থবিরতা ও সঙ্কট নিরসনের আহ্বান জানানা তারা।

মানববন্ধন অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের উপদেষ্টা মোস্তাফিজুর রহমান খান আলম, সুপ্র রাজশাহী জেলা শাখার সভাপতি ও সাংবাদিক হাসান মিল্লাত, রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের যুগ্ম-সম্পাদক মঞ্জুর হাসান মিঠু, চেম্বার পরিচালক সেকেন্দার আলী, সম্মিলিত নারী শিল্প উদ্যোক্তার সভাপতি সেলিনা খাতুন, সাধারণ সম্পাদক নিলুফার ইয়াসমিন নিলা, রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মামুন-অর-রশিদ, টিভি সাংবাদিক ফোরামের সভাপতি স ম সাজু, জাতীয় শিক্ষক কর্মচারি ফ্রন্ট রাজশাহীর আহ্বায়ক অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা, রাজশাহী বেনেতি ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মহেষ চন্দ্র সরকার, তেল গ্যাস বিদ্যুৎ বন্দর ও খনিজ সম্পদ রক্ষা কমিটির আহ্বায়ক আবুল কালাম আজাদ প্রমুখ।

জেআই