রাজশাহী ও বাগেরহাটে পৃথক সড়ক দুর্ঘটনা ৬ জন নিহত হয়েছে।
রাজশাহীর বাঘার মীরগঞ্জে ও বাগেরহাটে রামপালে এ সড়ক দুর্ঘটনা ঘটে ।
রাজশাহী:
বাঘার মীরগঞ্জে বাস ও নসিমনের সংঘর্ষে দুই নারীসহ তিনজন নিহত ও ১২ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিন আলী গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।
নিহতরা হলেন- বাসের চালকের সহকারী (হেলপার) হানিফ, যাত্রী মনোয়ারা ও আমেনা বেগম। তিনজনেরই বাড়ি বাঘা উপজেলার বিভিন্ন গ্রামে।
ওসি মহসিন আলী আরো জানান, সকাল সাড়ে ৬টার দিকে বাঘা বাসস্ট্যান্ড থেকে যাত্রী নিয়ে রাব্বী এন্টারপ্রাইজ নামের একটি বাস রাজশাহীর উদ্দেশে রওনা দেয়। পথে মীরগঞ্জ এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি নসিমনের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে বাসটি উল্টে গিয়ে ঘটনাস্থলেই বাসের হেলপারসহ তিনজন নিহত ও ১২ জন আহত হন। আহতদের উদ্ধার করে বাঘা ও চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে বলে জানান ওসি।
বাগেরহাট:--
বাগেরহাটের রামপাল উপজেলায় ট্রাক ও মাহেন্দ্রর মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো পাঁচজন।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় মোংলা-খুলনা মহাসড়কের চেয়ারম্যানের মোড় ও ভাগার মাঝামাঝি মালিডাঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে এনটিভি অনলাইনকে জানিয়েছেন রামপাল থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল বাসার।
নিহতরা হলেন মোংলা উপজেলার চিলা ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য আবদুল জলিলের ছেলে সোহাগ শেখ (৩৫) এবং চাঁদপাই ইউনিয়নের মাকড়ঢোন গ্রামের সনজিৎ রায় (৪৭)। অপরজনের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।
এসআই আবুল বাসার জানান, ট্রাকটি খুলনা থেকে মোংলার দিকে আসছিল আর মাহেন্দ্রটি যাত্রী নিয়ে মোংলা থেকে কাটাখালীর দিকে যাচ্ছিল। পথে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন। হাসপাতালে নেওয়ার পথে আরো একজন মারা যান।
জেড





