বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক পুলক চ্যাটার্জীর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন স্থানীয় সাংবাদিকরা।
বৃহস্পতিবার বেলা ১২ টার দিকে নগরীর অশ্বিনী কুমার হল চত্ত্বরে আন্দোলন কমিটির আহবায়ক লিটন বাশারের সভাপতিত্বে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে নিন্দা ও প্রতিবাদ জানিয়ে একাত্মতা প্রকাশ করেন বরিশাল-৫ আসনের সংসদ সদস্য জেবুন্নেছা আফরোজ, মহানগর আওয়ামী লীগ, জেলা ও মহানগর বিএনপি, জেলা ও মহানগর এবং সদর জাতীয় পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
সমাবেশে বরিশাল প্রেসক্লাব, বরিশাল হেলথ্ জার্নালিস্টস এসোশিয়েশন, জাতীয় সাংবাদিক সংস্থাসহ বরিশাল বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সমাবেশে সন্ত্রসীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করা হয়।
সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বরিশাল প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়।
গত সোমবার রাতে বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক সমকালের বরিশাল ব্যুরো প্রধান পুলক চ্যাটার্জীকে সন্ত্রাসীরা কুপিয়ে জখম করে। তিনি বর্তমানে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
ঢাকা, ২১ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই





