আট জেলায় ১৬টি শিশু আদালত স্থাপন করা হচ্ছে। আজ মঙ্গলবার ইউনিসেফ এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তির তথ্যমতে, সুপ্রিম কোর্টের শিশু অধিকারবিষয়ক বিশেষ কমিটির সঙ্গে সমঝোতা স্মারকে (এমইউ) সই করেছে ইউনিসেফ। এ উদ্যোগের আওতায় শিশু আদালত স্থাপন করার পাশাপাশি শিশু আদালতের মামলার ডিজিটাল নথিভুক্ত করা হবে। এর বাইরে তিনটি কিশোর উন্নয়ন কেন্দ্রের ও ছয়টি সেফ হোমে ডিজিটাল ভিডিও সংযোগ দেওয়া হবে। যেখান থেকে মামলাগুলোর বিচার চলাকালে নিয়মিত ভিডিও কনফারেন্স করা যায়।

সমঝোতা স্মারক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা, আপিল বিভাগের বিচারপতি ও শিশু অধিকারবিষয়ক সুপ্রিম কোর্টের বিশেষ কমিটির চেয়ারম্যান মো. ইমান আলী, বিচারপতি শেখ হাসান আরিফ, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল সৈয়দ আমিনুল ইসলাম ও ইউনিসেফ বাংলাদেশের প্রতিনিধি এডুওয়ার্ড বেগবেদার।

জারিফ