সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, যে কোনো সংগঠনের মিছিল ও সমাবেশ ছুটির দিনে করতে হবে।যানজট নিরসনে এই উদ্যোগের কথা ভাবতে হচ্ছে।

শুক্রবার সকাল ৯টায় লায়ন সেবা মাস উপলক্ষে র‌্যালি ও শোভাযাত্রা শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।লায়ন ক্লাব ইন্টারন্যাশনাল এ র‌্যালির আয়োজন করে।

তিনি বলেন, রাজধানীতে সমাবেশের জন্য সোহরাওয়ার্দী উদ্যোনে বড়, মাঝারি ও ছোট চারটি জায়গা নির্দিষ্ট করে দেওয়া থাকবে, যেখানে সমাবেশ করতে হবে।সমাবেশের জায়গা নির্ধারণ করবে পুলিশ।নির্ধারিত স্থান ছাড়া অন্য কোথাও সভা-সমাবেশ করতে দেওয়া হবে না।

মন্ত্রী বলেন, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ শুরু হয়েছে।২০১৭ সালে এ কাজ শেষে হবে।কয়েক মাসের মধ্যে ২২ হাজার কোটি টাকা ব্যয়ে মেট্রোরেলের কাজ শুরু হবে।আগামী বছরের মধ্যে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-জয়দেবপুর মহাসড়ক চার লেনে উন্নীত করা হবে বলে জানান তিনি।

লায়ন সেবা মাসের র্যালিটি শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে থেকে শুরু হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।শোভাযাত্রায় নেতৃত্ব দেন, সংগঠনের জেলা গভর্নর লায়ন এম কে বাসার ও এ এসএস রইস আহমেদ, প্রথম ভাইস জেলা গভর্নর লায়ন স্বদেশ রঞ্জন সাহা, সেবা মাস কমিটির সদস্য সচিব লায়ন মো. ফখরুদ্দিন।

লায়ন সেবা মাস উপলক্ষে ৩০টি ক্লাব রক্তদান কর্মসূচি ও বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চক্ষু অপারেশন কার্যক্রম, সেলাই মেশিন ও হুইল চেয়ার বিতরণ, হেলথ ক্যাম্প, দন্ত চিকিৎসা ক্যাম্প, সমাজ উন্নয়নের জন্য পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষ রোপন, পথশিশুদের মধ্যে খাদ্য বিতরণ, পিছিয়ে পড়া শিক্ষার্থীদের মধ্যে শিক্ষার উপকরণ বিতরণসহ বিভিন্ন কর্মসূচি শেষে এ শোভাযাত্রাটির আয়োজন করা হয়।

শোভাযাত্রা উদযাপন কমিটির চেয়ারপার্সনের দায়িত্ব পালন করেন লায়ন অ্যাডভোকেট ড. মো. বশির উল্লাহ।

জেএ