সিলেটের সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। গতকাল বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানের জানকিছড়া রেলসেতুর নিচের মাটি সরে যায়।

এরপর থেকে সকাল সাড়ে আটটায় শেষ খবর পাওয়া পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

শমসেরনগর রেলওয়ে স্টেশন মাস্টার আব্দুল আজিজের ভাষ্য, চট্টগ্রাম থেকে সিলেট অভিমুখী আন্তনগর উদয়ন এক্সপ্রেস হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে আটকা পড়ে। সিলেট থেকে ছেড়ে আসা চট্টগ্রাম অভিমুখী জালালাবাদ এক্সপ্রেস কমলগঞ্জের ভালুকা রেলস্টেশনে আটকা পড়ে। ঢাকা অভিমুখী কালনি এক্সপ্রেস আজ সকাল সাড়ে আটটা পর্যন্ত সিলেট স্টেশনে রয়েছে।

রেলের ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী আলী আজম বলেন, পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিতে এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে। ক্ষতিগ্রস্ত রেলসেতুতে সংস্কার কাজ চলছে। কাজ শেষ হলে ট্রেন চলাচল আবার শুরু হবে। তবে কখন তা সম্ভব হবে, এখনই বলা যাচ্ছে না।

ওএফ