মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার বাহিরচর পূর্বপাড়া এলাকার নাঈম বিশ্বাস (১৮) নামে এক সদ্য নিয়োগপ্রাপ্ত সেনাবাহিনীর সৈনিককে শ্বাসরোধে হত্যা করার অভিযোগ করেছে তার পরিবার।
মঙ্গলবার সকালে পুলিশ তার বাড়ির পাশের ধান ক্ষেত থেকে লাশ উদ্ধার করে। নিহত নাঈম ওই গ্রামের নাজিমুদ্দিন বিশ্বাস টুলুর ছেলে এবং পার্শ্ববর্তী কৌড়ি এমএ রউফ ডিগ্রি কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।
পুলিশ ও নিহতের বাবা জানান, দুই ভাই এক বোনের মধ্যে নাঈম ছোট। নাঈম কিছু দিন আগে সেনাবাহিনীর সৈনিক পদে নিয়োগ পেয়েছে। আগামী ১ জুলাই তার রাজশাহী ক্যান্টনমেন্টে প্রশিক্ষণে যাওয়ার কাগজপত্র এসেছে।
এ অবস্থায় সোমবার রাত সাতটার দিকে নাঈম বাড়ি থেকে পার্শ্ববর্তী আন্ধারমাণিক বাজারের রাশেদের মোবাইলের দোকানে যায়। এরপর থেকে নাঈম নিখোঁজ হয়। রাতে স্বজনেরা তার মোবাইল ফোনে ও সম্ভাব্য স্থানে খোঁজাখুজি করেও কোন সন্ধান পাননি।
মঙ্গলবার সকালে বাড়ির পাশের কবরস্থানের ধান ক্ষেতে তার লাশ পড়ে থাকতে দেখে স্বজনেরা পুলিশকে জানায়। পুলিশ এসে ১০টার দিকে উদ্ধার করে নিয়ে যায়।
হরিরামপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবুল বাশার সবুজ জানান, খবর শুনে তিনি পুলিশ সঙ্গে নিয়ে ঘটনাস্থলে গিয়েছিলেন।
নাঈমের বাবা দরিদ্র কৃষক। দিন মজুর করে তিনি সংসার চালাতেন। নাঈম সেনাবাহিনীর চাকুরি পাওয়ায় তাদের সংসারে আশার আলো জ্বলে উঠেছিল। এ হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবি করেন তিনি।
এ ব্যাপারে হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, ময়নাতদন্তের জন্য লাশ মানিকগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। সুরতহাল প্রতিবেদন অনুযায়ী নাঈমকে রাতে কোন এক সময় শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
ময়নাতদন্তের প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় থানায় হত্যা মামলার প্রস্ততি চলছে বলেও জানান ওসি।
এসএইচ





