গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় জিম্মি উদ্ধারে কমান্ডো অভিযান প্রায় ৪৫ মিনিট ধরে চলে। এরপর পুরো পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণে চলে আসে। এ সময় মোট ১৩ জন জিম্মিকে উদ্ধার করা হয় এবং ৫ জন সন্ত্রাসী নিহত হয়।

শনিবার সকাল পৌনে ৮টার দিকে র‌্যাব, পুলিশ, বিজিবি, সোয়াত ও সেনাবাহিনীর সমন্বয়ে এই অভিযান শুরু হয়।

অভিযান শুরুর পর পরই গ্রেনেড বিস্ফোরণের শব্দ শোনা যায়। সকাল পৌনে ৯টা থেকে শেষ পর্যন্ত তিনবার বিস্ফোরণের শব্দে কেঁপে উঠে গুলশান এলাকা। পুলিশ বলেছে,  অভিযানের সময় পুলিশই গ্রেনেড চার্জ করেছে।

এ বিষয়ে আইনশৃংখলা বাহিনী বলছে, অভিযানের পর রেস্তোরাঁর ভেতরে প্রবেশ করেছে বোমা নিস্ক্রিয় ইউনিটের সদস্যরা। তারা সেখানে যে সব অবিস্ফোরিত বোমা পাচ্ছেন, সেগুলো বিস্ফোরণের মাধ্যমে নিস্ক্রিয় করা হচ্ছে।

এ ছাড়া রেস্তোরাঁর ভেতরে তল্লাশি চালানো হচ্ছে। সেখানে আরও লাশ কিংবা জীবিত কেউ আছেন কি না তা দেখা হচ্ছে।

এর আগে গতকাল শুক্রবার রাত পৌনে ৯টার দিকে গুলশানের ৭৯ নম্বরের হলি আর্টিজান রেস্তোরাঁয় ৮ থেকে ১০ জন যুবক অতর্কিত হামলা চালায়। এরপর তারা ওই রেস্তোরাঁয় থাকা লোকজনকে জিম্মি করে।

এসএম/ইআর