কুষ্টিয়ায় শান্তির প্রতিশ্রুতি দিয়ে প্রশাসনের নিকট দেশীয় অস্ত্রশস্ত্র জমা দিয়েছে স্থানীয় দুইপক্ষ। বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার জিয়ারখী ইউনিয়নে অস্ত্রশস্ত্র জমা দেয়া হয়।
জানা গেছে, গোষ্ঠিগত দাম্ভিকতা, আধিপত্য বিস্তার ও স্থানীয় বিরোধকে কেন্দ্র করে বছরে একাধিক সংঘর্ষের ঘটনা ঘটে এই এলাকায়। এই দুইপক্ষের যুগযুগ ধরে সংঘর্ষ চলে আসছিল। এতে বসতবাড়িতে আগুন, হামলা, লুটপাট ও ধর্ষণের মতো জঘন্য ঘটনাও ঘটেছে।
এরকম সংঘাতময় পরিস্থিতি এড়ানোর জন্য স্থানীয় প্রশাসনের চেষ্টায় বৃহস্পতিবার দুপুরে কাঞ্চনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে কুষ্টিয়া পুলিশ সুপার মফিজ উদ্দিন আহমেদের উপস্থিতিতে উভয়পক্ষ ১৭টি ঢাল, ১০টি সুড়কি, ১৫টি রামদা ও ১০টি ছুরি জমা দেয়।
এ সময় উভয়পক্ষের নেতা খয়বার আলী ও রোজদার আলী মন্ডল শেখ ভবিষ্যতে আর দাঙ্গা-হাঙ্গামা করবেন না বলেও প্রতিশ্রুতি দেন। কুষ্টিয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আব্দুল খালেক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ঢাকা, ১৭ জুলাই (টাইমনিউজবিডি.কম) // এআর





