পাবনা প্রতিনিধি : সোমবার অনুষ্ঠিত পাবনার সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদের উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আব্দুল কাদের রোকন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

এ ছাড়া ঈশ্বরদী উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মাহমুদা বেগম বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

রিটার্নিং অফিসার ও জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, ভোট গণনা শেষে সন্ধ্যা সাতটায় ফলাফল ঘোষণা করা হয়।

ঘোষিত ফলাফলে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আব্দুল কাদের রোকন (নৌকা) ৮৬ হাজার ৪৭৩ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিএনপি মনোনীত প্রার্থী ও উপজেলা বিএনপির সভাপতি হাজারী জাকির হোসেন চুন্নু (ধানের শীষ) পেয়েছেন ৫ হাজার ৮৬৩ ভোট।

অন্যদিকে ঈশ্বরদী উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মাহমুদা বেগম ২৩ হাজার ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী জান্নাতুন ফেরদৌস রুনু (স্বতন্ত্র) পেয়েছেন ১ হাজার ৮০০ ভোট।

কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লা আদর্শ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আমিনুল ইসলাম টুটুল বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

সোমবার অনুষ্ঠিত এ নির্বাচনে ৪৬ হাজার ৯৯ ভোট পেয়ে তিনি নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী রেজাউল কাইয়ুম পেয়েছেন ১৯ হাজার ৩৫৩ ভোট।

সন্ধ্যায় জেলা রিটার্নিং কর্মকর্তা খোরশেদ আলম এ ফলাফল ঘোষণা করেন।

নাটোর প্রতিনিধি : নাটোরের বড়াইগ্রাম উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী বেরসকারিভাবে নির্বাচিত হয়েছেন।

সোমবার ওই উপজেলা পরিষদে উপনির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে অপর প্রার্থী ছিলেন বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের রাশেদুল ইসলাম রাসেল।

জেলা নির্বাচন কর্মকর্তা ও বড়াইগ্রাম উপজেলা পরিষদ উপনির্বাচনের রিটার্নিং অফিসার আবুল হোসেন বলেন, ভোটার উপস্থিতি একটু কম হলেও শান্তিপূর্ণ পরিবেশে ভোট অনুষ্ঠিত হয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।


সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরার কলারোয়া উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান পদে উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আরাফাত হোসেন ৩৯ হাজার ৪৯১ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী কাজী আসাদুজ্জামান শাহাজাদা ৩২ হাজার ২৭২ ভোট পেয়েছেন।

৬৭টি কেন্দ্রে ভোটগ্রহণ শেষে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রিটার্নিং অফিসার কামরুল হাসান এ ফলাফল ঘোষণা করেন।

মাহমুদ