সিলেট-জকিগঞ্জ সড়কের দক্ষিণ সুরমার গোটাটিকরস্থ একটি সিএনজি রিফুয়েলিং স্টেশনে পেট্রোলবোমা ও ককটেল হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। পেট্রোলবোমার বিস্ফোরণে সিএনজি স্টেশনের একটি ফুয়েল ডিসপেন্সারে আগুন ধরে যায়। এসময় ধাওয়া দিয়ে হামলাকারীদের একজনকে মোটরসাইকেলসহ আটক করে জনতা। স্থানীয় লোকজনদের সহায়তায় আগুন নেভানো সম্ভব হয়।
সোমবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। একই সময় দক্ষিণ সুরমার পারাইরচকে পুলিশকে লক্ষ্য করে ককটেল হামলা চালায় দুর্বৃত্তরা। এসময় পুলিশ ধাওয়া দিয়ে একজনকে আটক করে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাত ১০টার দিকে ৪টি মোটরসাইকেলে করে ৮ যুবক দক্ষিণ সুরমার গোটাটিকরস্থ নাঈমা সিএনজি রিফুয়েলিং স্টেশনে ২টি পেট্রোলবোমা ও ২টি ককটেল নিক্ষেপ করে। পেট্রোলবোমার বিস্ফোরণে সিএনজি স্টেশনের একটি ফুয়েল ডিসপেন্সারে আগুন ধরে যায়। স্থানীয়দের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। স্থানীয় লোকজন এসময় হামলাকারীদের ধাওয়া দিয়ে একজনকে মোটরসাইকেলসহ আটক করে।
একই সময়ে মোগলাবাজারের পারাইরচকে পুলিশের উপর ককটেল হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এসআই ফজলুর রহমানের নেতৃত্বে টহলরত মোগলাবাজার থানার একদল পুলিশের উপর হামলা চালানো হয়। এসময় একটি ককটেল এসআই ফজলুর রহমানের গায়ের উপর পড়লেও সেটি বিস্ফোরিত হয়নি। এসময় পুলিশ ধাওয়া দিয়ে এক একজনকে আটক করে।
ঘটনা দুটির সত্যতা নিশ্চিত করেছেন মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুর রহমান খান।
জেআই





