ভারতে পাচারকালে বেনাপোল’র গাতিপাড়া সীমান্ত থেকে শনিবার দুপুরে ২ কেজি ৩’শ গ্রাম ওজনের ৬ পিস সোনার বারসহ মনিরুজ্জামান (৩৫) নামে এক স্বর্ণ চোরাচালানিকে আটক করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আটক মনিরুজ্জামান সীমান্তের বড়আঁচড়া গ্রামের গোলজার হোসেনের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে সোনা পাচারের সাথে জড়িত রয়েছেন বলে জানায় বিজিবি।
২১ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. তারেক আলম জানান, গাতিপাড়া সীমান্ত দিয়ে বিপুল পরিমান সোনা ভারতে পাচার হচ্ছে এমন ধরনের গোপন সংবাদ পেয়ে বিজিবি সদস্যরা পাচারের আগেই ঐ এলাকায় অভিযান চালিয়ে মনিরুজ্জামানকে আটক করে।
পরে তার দেহ তল্লাশী করে ২ কেজি ৩’শ গ্রাম ওজনের ৬ পিস সোনার বার উদ্ধার করা হয়। আটক সোনার মূল্য ৯৬ লাখ টাকা বলে বিজিবি জানায়।
আটক পাচারকারীকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে। উদ্ধার করা সোনা বেনাপোল কাস্টম হাউসে জমা দেওয়া হয়েছে। এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানায় একটি মামলা হয়েছে।
নাছির/এমবি





