ঢাকা সিলেট মহাসড়কের হবিগঞ্জের নবীগঞ্জে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও অন্তত ২০ জন আহত হয়েছেন। আহতদের হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। নিহত নুর জাহান (৫৫)ঢাকার পল্লবী থানার বাসিন্দা।
পুলিশ জানায়, বুধবার রাত সাড়ে ১০টার দিকে সিলেট হযরত শাহজালাল (র.) এর মাজার জিয়ারত শেষে বাড়ি ফেরার পথে ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার রস্তমপুর টোল প্লাজার সামনে যাত্রিবাহী বাসটি (ঢাকা মেট্রো ব ১১- ৮৮৫৫) আসা মাত্রই বিপরীত দিক থেকে একটি ট্রাকের সঙ্গে মুখমুখি সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলেই এক যাত্রি নিহত ও অন্তত ২০ জন আহত হন। এ সময় স্থানীয় বিক্ষুব্ধ জনতা ঢাকা সিলেট মহাসড়কে যানচলাচল বন্ধ করে দিলে দূর পাল্লার যানবাহন আটকা পড়ে। প্রায় আধাঘন্টা যান চলাচল বন্ধ থাকার পর গোপলার বাজার ফাঁড়ির পুলিশ ও শেরপুর হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। পরে পুলিশ আহতদের উদ্ধার করে হবিগঞ্জসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করে।
এ ব্যাপারে শেরপুর হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এস আই) অজয় দেব ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে।
এম এ





