রাজশাহীতে ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ তিনজন নিহত হয়েছেন।
বুধবার (৬ এপ্রিল) বিকেল পৌনে ৪টার দিকে চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী মহাসড়কের হরিপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার ঘাসিয়ালপাড়া গ্রামের বাসিন্দা আবদুস সাত্তার (৫৫), তার স্ত্রী ফেরদৌসি বেগম (৪৭) এবং চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বাগডাস গ্রামের বাসিন্দা অটোরিকশাচালক আনসার আলী (৪৫)।
রাজশাহীর দামকুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব হোসেন জানান, আব্দুস সাত্তার তার অসুস্থ স্ত্রীকে নিয়ে গোমস্তাপুর থেকে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে যাচ্ছিলেন। পথে রাজশাহীর গোদাগাড়ী থেকে ওই সিএনজিচালিত অটোরিকশায় রায়হান শুভ (২৬) নামে আরেক যুবক ওঠেন। সিএনজিটি রাজশাহীর পবা উপজেলার মুরারিপুর এলাকায় আসার পর চাঁপাইনাবগঞ্জগামী একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলেই ফেরদৌসি বেগম ও অটোরিকশাচালক আনসার আলী নিহত হন। আর স্থানীয়রা আহত সাত্তার ও শুভকে উদ্ধার করে রামেক হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় কিছুক্ষণ পর সাত্তার মারা যান। আহত অন্যজনের শারীরিক অবস্থাও ভাল নয়।
ওসি আরও জানান, দুর্ঘটনার পর ট্রাকচালক পালিয়ে গেলেও ট্রাকটি জব্দ করা হয়েছে পুলিশ। এই ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান এ পুলিশ কমকর্তা।





