ময়মনসিংহ শহরের আকুয়ায় গরুর খোয়ার এলাকায় স্বামী-স্ত্রী দুইজনকে নিজ বাসায় গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শনিবার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে।
ঘটনার সাথে জড়িত সন্দেহে মোস্তফা নামে একজনকে স্থানীয় এলাকাবাসী আটক করে পুলিশে সোপর্দ করেছে। নিহত দুইজনই অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা।
স্থানীয় সূত্রে জানা গেছে, ময়মনসিংহের আকুয়ার গরু খোয়ার এলাকার বাসিন্দা অবসরপ্রাপ্ত পোস্ট মাস্টার আব্দুল হক (৬৫) ও তার স্ত্রী অবসরপ্রাপ্ত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা রায়হানুন্নেছাকে (৫৩) গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা। এলাকাবাসী ওই বাসায় রাত ১১টার দিকে চিৎকারের শব্দ শুনে এগিয়ে আসে। বাসার দুতলা থেকে একজনকে লাফিয়ে পরতে দেখে স্থানীয় লোকজন তাকে আটক করে। পরে লোকজন বাসার ভিতরে গিয়ে স্বামী-স্ত্রী দুইজনকেই রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। নিহতরা তাদের নিজ বাসার দুতলায় বাস করতেন। তাদের গ্রামের বাড়ি গফরগাঁও উপজেলা বলে জানা গেছে। চলতি বছর হজে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন তারা।
ময়মনসিংহ কোতোয়ালী থানার ওসি আবু মোহাম্মদ ফজলুল করিম জানান, লাশ উদ্ধার করে থানায় নেয়া হয়েছে। তিনি জানান, কি উদ্দেশে খুন করা হয়েছে এ ব্যাপারে এখন পর্যন্ত কিছু জানা যায়নি। নিহতদের দুই ছেলে ঢাকায় থাকেন।
ঢাকা, ১৩ জুলাই(টাইমনিউজবিডি.কম)//এনএস





