রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের লক্ষ্যে বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে আন্তঃরাষ্ট্রীয় ঋণচুক্তি হচ্ছে বলে জানা গেছে। রাশিয়া ও বাংলাদেশের যৌথ অর্থায়নে নির্মিত হবে এই পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র।

আগামী জুলাই কিংবা আগস্ট মাসে দুই দেশের মধ্যে চূড়ান্ত চুক্তি সই হবে। তবে এই চুক্তি বাংলাদেশে নাকি রাশিয়ায় হবে তা এখনো চূড়ান্ত হয়নি।

সোমবার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের জন্য বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে আন্তঃরাষ্ট্রীয় ঋণচুক্তির খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে জাতীয় সংসদ সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এটি অনুমোদন দেওয়া হয়।

বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের লক্ষ্যে বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে আন্তঃরাষ্ট্রীয় ঋণচুক্তির খসড়া অনুমোদন করা হয়েছে। চুক্তি অনুযায়ী এই বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে খরচ হবে ১২ দশমিক ৬৫ বিলিয়ন মার্কিন ডলার। এর মধ্যে রুশ সরকার ঋণ হিসেবে দেবে ১১ দশমিক ৩৮ বিলিয়ন মার্কিন ডলার। বাকি অর্থ বাংলাদেশ সরকার দেবে। অনুদান হিসেবেও কিছু অর্থ পাওয়া যাবে। এই ঋণের গ্রেস পিরিয়ড থাকবে ১০ বছর। ৩০ বছরের মধ্যে ঋণশোধ করতে হবে। ২০২৭ সালের ১৫ মার্চ থেকে প্রতিবছর এই সময়ে ঋণের কিস্তি পরিশোধ করতে হবে।

এমআইএস