ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার মামলায় জামিনে মুক্তি পাওয়া আওয়ামী লীগের সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীকে ফের গ্রেফতার ও তার ফাঁসির দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ নগর শাখা। অবিলম্বে লতিফ সিদ্দিকীকে গ্রেফতার না করলে কঠোর আন্দোলনেরও হুমকি দিয়েছে সংগঠনটি।
শুক্রবার জুমার নামাজের পর নগরীর আন্দরকিল্লা জামে মসজিদ থেকে মিছিলটি শুরু হয়ে চট্টগ্রাম প্রেসক্লাব চত্ত্বরে এসে শেষ হয়।
মিছিল পূর্ববর্তী সমাবেশে সভাপতির বক্তব্যে হেফাজতের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাঈনুদ্দিন রুহি বলেন, ২০১৩ সালে নাস্তিকদের বিরুদ্ধে চট্টগ্রামের মাটি থেকে প্রথম আন্দোলন শুরু হয়েছিল। কুখ্যাত নাস্তিক লতিফ সিদ্দিকীকে পুনরায় গ্রেফতার করে ফাঁসিতে ঝুলানোর জন্য চট্টগ্রাম থেকে আবার দুর্বার আন্দোলন গড়ে উঠবে। দরকার হলে ঢাকায় ঘেরাও করার আন্দোলন দিবে হেফাজত। যতদিন পর্যন্ত নাস্তিক লতিফের বিচার না হবে তৌহিদী জনতাকে নিয়ে হেফাজত ইসলাম তাদের ঈমানী আন্দোলন চালিয়ে যাবে।
অবিলম্বে লতিফ সিদ্দিকীকে গ্রেফতার না করলে রমজান শেষে কঠোর আন্দোলনের হুমকি দেন তিনি।
হেফাজতের সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদী বলেন, সরকার নাস্তিক লতিফ সিদ্দিকীকে নিয়ে তৌহিদী জনতার সঙ্গে নাটক করছে। তৌহিদী জনতা এ নাটকের শেষ কোথায় জানতে চায়। একটি মামলায় ইসলামী চিন্তাবিদ মুফতি ইজাহারের জামিন হয় না কিন্তু ১৯টি মামলায় নাস্তিক লতিফের জামিন হয়। ৯০ ভাগ মুসলমানের দেশে এ আইন মানা অসম্ভব।
তিনি বলেন, রমজান মাসে লতিফ সিদ্দিকী জামিন দিয়ে সরকার তৌহিদী জনতার হৃদয়ে আগুন জ্বালিয়ে দিয়েছে। তৌহিদী জনতার আগুনে এ সরকার ধ্বংস হয়ে যাবে। ইসলামের বিরুদ্ধে অবস্থা গ্রহণ করে এ পর্যন্ত কেউ স্থায়ী হতে পারেনি। এ সরকারও পারবে না। নাস্তিক বাতেলদের বিরুদ্ধে হেফাজতে ইসলামের কর্মীরা শহীদ হতে প্রস্তুত। ইসলামের জন্য হেফাজতে ইসলাম আগেও জীবন ও রক্ত দিয়েছে, আবারও দিবে।
হেফাজতের দফতর সম্পাদক কাতেব ইলিয়াচ বলেন, সরকার লতিফ সিদ্দিকীকে জামিন দিয়ে নাস্তিকবাদের চূড়ান্ত পর্যায়ে চলে গেছে। এখন সময় এসেছে তৌহিদী জনতার চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের। নাস্তিক ও তাদের দোসরদের এ জমিনে কোন স্থান হতে পারে না।
নগর হেফাজত নেতা মুফতি আবদুল ওহাব সরকারের উদ্দেশ্যে বলেন, মুসলমানরা শান্তিপ্রিয় মানুষ। কিন্তু ইসলাম রক্ষায় তারা ভয়ানক হয়ে ওঠে। এখনো সময় আছে নাস্তিক লতিফ সিদ্দিকীকে গ্রেফতার করুন। তা না হলে তৌহিদী জনতা নিজের হাতে আইন তুলে নিবে। লতিফ সিদ্দিকীকে জনতার মঞ্চে ফাঁসি দেওয়ার জন্য মাওলানারা ফতোয়া দিবে।
নগর হেফাজতের প্রচার সম্পাদক মাওলানা আ ন ম আহমদ উল্লাহ বলেন, ঘরে ঘরে ঈমানী দুর্গ গড়ে তোলার সময় এসেছে। তৌহিদী জনতা ঘরে বসে থাকলে হবে না। নাস্তিকদের এদেশ থেকে বিতাড়িত করতে জিহাদ করার প্রস্তুতি নিতে হবে। মামলা হামলার ভয় মন থেকে দূর করে ঈমানী সাহস সঞ্চয় করতে হবে। তাহলে ইসলামের জয় সুনিশ্চিত।
সমাবেশে হেফাজত নেতা মিয়া মোহাম্মদ শরীফ, নগর হেফাজতের সহ দফতর সম্পাদক আবুল হোসেন রব্বানি বক্তব্য রাখেন।
এর আগে লতিফ সিদ্দিকীর গ্রেফতারের দাবিতে আন্দরকিল্লা জামে মসজিদ চত্ত্বর থেকে মিছিল বের করে ইসলামী আন্দোলন বাংলাদেশ মহানগর শাখা।
মিছিল পূর্ব সমাবেশে নগর ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি জান্নাতুল ইসলাম বলেন, যে দেশের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি ও অধিকাংশ সংসদ সদস্য মুসলমান সেদেশে রমাজন মাসে স্বঘোষিত নাস্তিক জামিন পাওয়া খুব কষ্টের বিষয়। মুসলমানদের ইতিহাস সংগ্রামের ইতিহাস। মুসলমানরা ইসলাম রক্ষায় তাজা রক্ত দিতে পারে। তাই যতদিন পর্যন্ত নাস্তিক লতিফ সিদ্দিকীর ফাঁসি কার্যকর না হবে তৌহিদী জনতা আন্দোলন চালিয়ে যাবে।
জেআই





