২০১৯-২০ অর্থবছরের প্রস্তাবিত বাজেট আগামী রোববার পাস হচ্ছে।

গত ১৩ জুন ২০১৯-২০ অর্থবছরের জন্য পাঁচ লাখ ২৩ হাজার ১৯০ কোটি টাকার প্রস্তাবিত বাজেট ও অর্থবিল- ২০১৯ জাতীয় সংসদে উপস্থাপন করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

কিছু কিছু জিনিসের দাম বাড়ার কারণে চাপের মধ্যে থাকবে মধ্যবিত্ত ও দরিদ্ররা। অন্যদিকে কিছু উদ্যোগের কারণে চরম সুবিধাভোগী হবে ধনীরা। এ নিয়ে প্রস্তাবিত বাজেট সংসদে পেশ করার পরপরই আলোচনা সমালোচনা শুরু হয়।

যার কারণে নিম্ন ও মধ্যবিত্ত, ব্যবসায়ী ও পুঁজিবাজারের কথা চিন্তা করে আনা হতে পারে কিছু পরিবর্তন। অর্থবিল ও বাজেট পাসের দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেসব পরিবর্তনের কারণ সম্পর্কে জাতীয় সংসদে বিস্তারিত বলতে পারেন।

আগের কয়েকটি অর্থবছরের ধারাবাহিকতায় এবারও প্রধানমন্ত্রী শেখ হাসিনা অর্থবিল বাজেট পাসের দিন আলোচিত-সমালোচিত বিষয়ে পরিবর্তন আনার প্রস্তাব করবেন বলে জানা গেছে। প্রধানমন্ত্রী প্রস্তাব করলেই সাধারণত সেটি কার্যকর বলে ধরা হয়। অর্থাৎ প্রধানমন্ত্রীর প্রস্তাবনাগুলো কার্যকর করেই অর্থবিল ও বাজেট পাস করা হয়।