রাজধানীর শেরে বাংলানগরের তালতলা এলাকার একটি ফ্ল্যাটে গলায় ওড়না পেঁচিয়ে জান্নাত আকতার শিল্পী (১৭) নামে এক গৃহকর্মী আত্মহত্যা করেছেন।

বুধবার (২৩ মার্চ) বিকেলে ওই এলাকার মোল্লাপাড়ায় আর্কেড হেনা গার্ডেনের ৯ম তলার ফ্ল্যাটে এ ঘটনা ঘটে।

মৃত শিল্পীর গ্রামের বাড়ি নেত্রকোনা জানা গেলেও তার আর কোনো পরিচয় পাওয়া যায়নি।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. মোজাম্মেল হক  বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ সূত্র জানায়, শিল্পী ওই বাসায় গত দেড় মাস ধরে গৃহকর্মী হিসেবে কর্মরত ছিলেন। কিন্তু বুধবার বিকেলে ঘরের একটি কক্ষে দরজা বন্ধ করে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন।

কোনো সাড়া শব্দ না পেয়ে দরজা ভেঙে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

গৃহকর্তা খালেকুর রহমান বলেন, আরেক পরিচিত জনের মাধ্যমে বাসায় গৃহকর্মীর কাজ নেয় শিল্পী। তবে তার বিস্তারিত পরিচয় জানা নেই।

এসআই মোজাম্মেল জানান, শিল্পীর গলায় দাগ আছে। বর্তমানের তার মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

এম আর