নির্বাচনে যারা হেরে যায় তাদের নানা অভিযোগ থাকে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা।

মঙ্গলবার সকালে চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) রাঙামাটির বাঘাইছড়িতে সন্ত্রাসীদের ব্রাশ ফায়ারে আহতদের দেখতে গিয়ে এসব কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার।

এ হামলাকে সন্ত্রাসী হামলা উল্লেখ করে দোষীদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেয়ারও ঘোষণা দেন তিনি।

পার্বত্য এলাকায় নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে দাবি করে নুরুল হুদা বলেন, আহতদের চিকিৎসা ব্যয় বহন ছাড়াও নিহতদের পরিবারের আর্থিক ক্ষতিপূরণ দেয়া হবে।

এসময় বাংলাদেশ সেনাবাহিনীর ২৪পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মতিউর রহমান, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক, বিভাগীয় কমিশনার মো. আবদুল মান্নান, চট্টগ্রাম জেলা প্রশাসক মো. ইলিয়াছ হোসেনসহ অনেকেই উপস্থিত ছিলেন।

সোমবার রাঙ্গামাটির বাঘাইছড়িতে নির্বাচনী দায়িত্ব পালন শেষে ফেরার পথে দুর্বৃত্তদের ব্রাশফায়ারে ৭ জন নিহত হয়।

এ ঘটনায় গুলিবিদ্ধ ২৫ জনের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় হেলিকপ্টারে করে ৭ জনকে ঢাকা সিএমএইচে আনা হয়।

এএস