পুলিশের অস্ত্র লুট ও সরকারি কাজে বাধাদানের অভিযোগে জামায়াতের আট নারী কর্মীকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে নাটোরের একটি আদালত।
সোমবার তারা আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে বিচারক নাদিরা সুলতানা জামিনের আবেদন না মঞ্জুর করে তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। আদালত শেষে তাঁদের জেলহাজতে পাঠানো হয়।
জামায়াতের এ আট নারীকর্মী হলেন লালপুরের কদিমচিলান এলাকার রাশিদা বেগম (৩২), জোছনা বেগম (২৮), খুরশিদা পারভিন (৪২), শিউলি খাতুন (২৬), রেখা খাতুন (২৫), বুলু বেগম (৩৪), ডলি আক্তার (৪২) ও শেফালী খাতুন (২০)।
এদিকে আট নারী কর্মীকে জেলহাজতে প্রেরণের নিন্দা জানিয়েছেন জেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমীর অধ্যক্ষ দেলোয়ার হোসাইন খান।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুন্যাল গত বছর ২৮ ফেব্রুয়ারী জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর মামলার রায় ঘোষণার পর পরই নাটোরের লালপুর উপজেলার কদিমচিলান গ্রামে জামায়াত সমর্থকরা কর্তব্যরত টহল পুলিশের ওপর হামলা, গাড়িতে অগ্নি সংযোগ কদমচিলান ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক খায়রুল ইসলামকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করে।
এ সময় তারা পুলিশকে মারধর করে তিনটি রাইফেল ও একটি শটগান ও আটশ’ রাউন্ড গুলি লুট করে। এ ঘটনায় ওইদিন লালপুর থানায় ৮৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ২ হাজার ৭৪৫ জনের নামে লালপুর থানায় দুটি মামলা দায়ের করা হয়।
তদন্ত শেষে ইতোমধ্যে আসামিদের বিরুদ্ধে অভিযোগ পত্র দাখিল করা হয়েছে। দীর্ঘদিন পলাতক থাকার পর সোমবার আট নারী আসামি আদালতে হাজির হয়।
ঢাকা, ৪ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই





