কেন্দ্র ঘোষিত কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের নতুন কমিটি প্রত্যাখ্যান করে বুধবার অর্ধদিবস হরতালের ঘোষণা দিয়েছে বিদ্রোহী গ্রুপের নেতাকর্মীরা।

সোমবার দুপুরে কুড়িগ্রাম প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে নতুন কমিটি বাতিলের দাবিতে হরতালসহ পাঁচ দিনের আন্দোলন কর্মসূচি ঘোষণা করে বিদ্রোহীরা।

কর্মসূচির মধ্যে মঙ্গলবার বিক্ষোভ সমাবেশ, বুধবার অর্ধদিবস হরতাল, বৃহস্পতিবার কুশপুতুল দাহ, শনিবার শহীদ মিনারে অনশন ও রোববার মানববন্ধন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জেলা ছাত্রলীগের স্কুল ও কলেজ বিষয়ক সম্পাদক রায়হান কবীর অভিযোগ করে বলেন, ‘কাউন্সিলরদের মতামত উপেক্ষা করে কেন্দ্র থেকে কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগাঠনিক সম্পাদক ছাত্রলীগের কোনো পরীক্ষিত নেতা নন। এমনকি সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সাকিব ছাত্রদলের একজন সক্রিয় কর্মী ছিলেন।’

এসময় নতুন কমিটি বাতিল করে কাউন্সিলরদের ভোটের মাধ্যমে কমিটি গঠনের দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাজু আহমেদ, জেলা ছাত্রলীগের সহ-সম্পাদক আবু জামিল সিদ্দিকসহ ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

জেআই