কুষ্টিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় টিপু সুলতান (৪০) ও সজল হোসেন (১৭) নামে দুই জন নিহত হয়েছে।

শুক্রবার বিকেলে কুষ্টিয়া-ভেড়ামারা সড়কের নওদা গোবিন্দপুর ও ত্রিমোহনী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, বিয়ের দাওয়াত খেয়ে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় টিপু সুলতান নামে এক বর যাত্রী নিহত হয়। নিহত টিপু কুষ্টিয়া মার্কেন্টাইল ব্যাংকের অফিস পিয়ন। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করেছে।

কুষ্টিয়া হাইওয়ে ক্যাম্প পুলিশের উপ-পুলিশ পরিদর্শক (এসআই) আব্দুর জব্বার জানান, কুষ্টিয়া-ভেড়ামারা সড়কের নওদা গোবিন্দপুর এলাকায় বিয়ের দাওয়াত খেয়ে ফেরার পথে কুষ্টিয়া মার্কেন্টাইল ব্যাংকের অফিস পিয়ন টিপু সুলতান ওরফে ময়না দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই নিহত হয়।

অপরদিকে একই মহাসড়কের ত্রিমোহনী নামক স্থানেও দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে চালক সজল আহত হয়। পরে তাকে উদ্ধার করে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।

নিহত সজল ঢাকার গাজিপুর মাওনা চৌরাস্তার রফিকুল ইসলামের ছেলে।

এমআইএস